ভারতীয় ডেপুটি হাই কমিশনারের স্ত্রীকে লাঞ্ছিত করার অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ঢাকায় নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনারের স্ত্রী রুপা চক্রবর্তীকে লাঞ্ছিত করার অভিযোগে শুক্রবার সকালে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলমসহ গ্রুপের আরও কয়েকজনের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা দয়ের করা হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশ শাহ আলমের দেহরক্ষী হেদায়েতুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে। পুলিশ সূত্র জানায়, রুপা চক্রবর্তীর গাড়ির চালক বিনোদ কুমার মামলাটি দায়ের করেছেন।
মামলার বিবরণে বলা হয়, বৃহস্পতিবার বেলা পৌনে ৪টায় বাসায় ফেরার পথে অ্যাপোলো হাসপাতালের সামনে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তার কয়েকজন সহযোগী রুপা চক্রবর্তীর সাথে খারাপ ব্যাবহার করেন।
মামলার বিবরণে আরও বলা হয়, শাহ আলম ও তার সহযোগীরা তাদেরকে প্রায় এক ঘন্টা জিম্মি করে রাখে। গাড়ি থেকে তাদেরকে জোর করে বের করে আনে। শারিরিকভাবেও তাদেরকে লাঞ্ছিত করে।
বিনোদ কুমার আরও বলেন, এরপর ভারতীয় হাই কমিশনের পুলিশ সদস্যরা এসে তাদের উদ্ধার করে।
ভারতীয় দূতাবাস ব্যাপারটি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছে।
এ ব্যাপারে বাড্ডা থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ হাফিজউদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে জানান, ওই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে হেদায়েতুল ইসলামকে আটক করা হয়েছে।
শাহ আলমকে গ্রেফতার করা হবে কিনা জানতে চাওয়া হলে তিনি কোনও মন্তব্য করেননি।
