খুলনায় র্যাব ও পুলিশের অভিযানের সত্ত্বেও অপরাধ বাড়ছে
র্যাব ও পুলিশের অভিযানের মধ্যেও খুলনায় বোমা হামলা, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েই চলেছে।
নিত্য দিনের এসব ঘটনায় শহরবাসী শঙ্কিত। জেলায় বড় ধরনের নাশকতার আশঙ্কা করছে খোদ পুলিশ প্রশাসন।
ছিনতাইকালে বুধবার রাতে নিউমার্কেট টেক্সটাইল মিলের মোড় থেকে সাইফুল আলম ওরফে সুমন (২৫) ও সাইদুর রহমান ওরফে সুমন (১৯) নামে দুই ছিনতাইকারীকে র্যাব গ্রেফতার করে। একই দিন বেলা ১১ টায় নগরীর ইকবাল নগরে চাঁদার টাকা নিতে এসে গণপিটুণিতে নিহত হয়েছে পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টি র (এমএল-জনযুদ্ধ) দু’ চাঁদাবাজ বাদল (২৮) ও বাবুল ওরফে রিপন (২৫)।
পুলিশ জানায়, সন্ত্রাসীদের নিক্ষিপ্ত বোমায় সোমবার রাতে নগরীর খান জাহান আলী থানার আটরা গিলেতলা গ্রামে স্কুল শিক্ষক নেতা সরদার মনজির নিহত হয়। তিন মাসের ব্যবধানে এ এলাকায় চারটি বোমা হামলায় আতঙ্কিত গ্রামবাসী। বোমা হামলায় এ সময় নিহত হয়েছে মনজির আহম্মেদ ও ইউপি সদস্য বিজেপি নেতা সরদার শাহাদৎ হোসেন।
কেএমপি’র একজন কর্মকর্তা বিডিনিউজকে বলেন, আইন শৃঙ্খলার অবস্থা অবনতি যে একেবারেই হয়নি তা অস্বীকার করা যাচ্ছে না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নয়।
