মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে নির্বাচনে আ. লীগই জয়ী হবে: এমডিজি অর্জনে ১৪ দফা অঙ্গীকার ঘোষণা করে হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ যদি সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়, তবে আগামী নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগ জয়ী হবে।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি জানান, তার দল সবসময়ই নির্বাচনের জন্যে সম্পূর্ণ প্রস্তুত।
শেখ হাসিনা দেশের দারিদ্র্য বিমোচন তথা সর্বব্যাপী উন্নয়নের সংগ্রাম ঘোষণা করে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস্-এমডিজি) অর্জনে তার দলের পক্ষে ১৪ দফা অঙ্গীকার ঘোষণা করেন। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে দারিদ্র্যমুক্ত করে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলবো। আর এর মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যথাযথ মর্যাদায় পালন করবো।
জাতিসংঘে সরকার ও রাষ্ট্র প্রধানদের সভায় প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র বিরোধিতা ও সমালোচনা করে বিরোধী দলীয় নেতা বলেন, দেশে সুশাসনের সংকট, বিশেষ করে চলমান সন্ত্রাস, দলীয়করণ, দুর্নীতি ও দুর্বৃত্তায়নের কারণেই দেশের মানুষ যে আজ বাঁচার ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত, সে সকল প্রশ্নের কোনও সদুত্তর ক্ষমতাসীনরা দিতে পারেননি।
প্রধানমন্ত্রীর জাতিসংঘের সভার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে শেখ হাসিনা বলেন, তার (প্রধানমন্ত্রী) বক্তব্য ও দেশের বাস্তব চিত্র অনুযায়ী বর্তমান স্বল্পহারে দারিদ্র্য বিমোচন চলতে থাকলে বাংলাদেশকে সম্পূর্ণ দারিদ্র্যমুক্ত হতে আরও ৮০ বছরেরও বেশি সময় প্রয়োজন হবে। অথচ প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, আগামী ১০ বছরে দারিদ্র্যের হার অর্ধেকে নামানো সম্ভব!
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য’ (এমডিজি) বাস্তবায়নে তার সরকারের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, জোট সরকারের দুঃশাসনের ফলে এমডিজি’র লক্ষ্য পূরণ থেকে আমরা অনেক পিছিয়ে গেছি। গ্রামীণ ও কৃষিখাতে প্রবৃদ্ধি এখন নেই বললেই চলে। নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সরকার ব্যর্থ। শাসনহীনতা, সন্ত্রাসীদের প্রতি সরকারের আনুকূল্য, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় উগ্র সশস্ত্র গোষ্ঠীর উত্থান এবং আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর অপতৎপরতা আমাদের ধাবিত করছে এক অনিশ্চিত গন্তব্যের দিকে। দারিদ্র্য বিমোচনতো দূরের কথা, জীবন-এমনকি রাষ্ট্রের নিরাপত্তা আজ প্রশ্নের সম্মুখীন।
তিনি বলেন, আসলে বিএনপি জামাত জোটের কাছ থেকে জাতির জন্যে কিছুই প্রত্যাশা করা যায় না। এরা দেশ ও জাতির শত্রু। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণঅভ্যুত্থান করে ওদের পতন ঘটানো হবে।
বিচার বহির্ভূত মানুষ হত্যার অভিযোগে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে নিউ ইয়র্কে লিগ্যাল নোটিশ প্রেরণ এবং আমেরিকার ১৬ জন সিনেটর ও কংগ্রেসম্যানের চিঠি প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, দেশে যেভাবে বিনা বিচারে মানুষ হত্যা করা হচ্ছে, তাতে ওই নোটিশ ও চিঠি খুবই স্বাভাবিক।
তিনি বলেন, দেশের মানুষ বিচার পাচ্ছে না। বিএনপি জামাত জোট নির্বিচারে মানুষ হত্যা করে ক্ষমতার মসনদ পাকাপোক্ত করতে চাচ্ছে। এ পরিস্থিতিতে ওই নোটিশ ও চিঠি বাংলাদেশে যে কী ভয়ংকর পরিস্থিতি বিরাজ করছে, সেটিই প্রমাণ করে।
বিরোধী দলীয় নেতা বলেন, অন্যায়ভাবে ক্ষমতার মোহে অন্ধ হয়ে একের পর এক মানুষ হত্যা ও অত্যাচার নির্যাতন চালিয়ে জোট সরকার বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। এজন্যে প্রধানমন্ত্রীকে অবশ্যই জবাবদিহি করতে হবে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক এমপি, আবুল মাল আব্দুল মুহিত, ওবায়দুল কাদের, সাবের হোসেন চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান এবং আবুল হাসানাত আব্দুল্লাহ্ উপস্থিত ছিলেন।
