দৌলতদিয়া যৌনকর্মীদের ৬ কৃতী সন্তানকে সংবর্ধনা
সফলভাবে ড্রাইভিং প্রশিক্ষণ সমাপ্ত ও পরীক্ষায় পাস করায় দৌলতদিয়ার যৌনপল্লীর যৌনকর্মীদের ছয় কৃতী সন্তানকে এক ব্যতিক্রমী সংবর্ধনা দেওয়া হয়েছে।
সংবর্ধিতরা হলেন, মিলন, আনোয়ার, রাজিব, রিপন, আউলাদ এবং সাবিনা ইয়াসমিন পুতুল। পাঁচ কিশোরকে স্বাভাবিক জীবন ধারায় সম্পৃক্ত করতে ড্রাইভিং প্রশিক্ষণ সমাপনীর জন্য এবং অপরদিকে গত এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে পাস করায় সেভহোমের ছাত্রী পুতুলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাদের প্রত্যেককে একটি করে ক্রেস্ট ও অন্যান্য উপহার দেওয়া হয়।
কেকেএস শিশু বিদ্যালয়ের নির্বাহী পরিষদের সভাপতি উপাধ্যক্ষ অধ্যাপক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে বুধবার দুপুরে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক মুহাম্মদ নুরুল আলম। পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদুল আনোয়ার খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ড্রাইভিং প্রশিক্ষণ ছাড়াও পাঁচ কিশোর কারিগরি প্রশিক্ষণ নিতে চায়। আর পুতুল হিসাব বিজ্ঞানে পড়ালেখা শেষ করে কোনও ব্যাংক বা প্রতিষ্ঠানে চাকুরি করতে চায়।
কেকেএস শিশু বিদ্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সেভ দ্য চিলড্রেন অস্ট্রেলিয়ার কান্ট্রি ডিরেক্টর মনিরা আহসান ও স্কুলের নির্বাহী পরিচালক ফকির আব্দুল জব্বার উপস্থিত ছিলেন।
