১৭ আগস্ট : বাসাবোর একটি বাসায় বোমা তৈরি ও বিতরণ করা হয় : ডিবি পুলিশ
পুলিশের গোয়েন্দা বিভাগ ১৭ আগস্টের বোমা তৈরি ও বিতরণের প্রধান স্থান চিহ্নিত করতে পেরেছে বলে দাবি করেছে। তাদের ভাষ্যমতে, ওই স্থানে সকল বোমা তৈরির পর ১৭ আগস্ট বিস্ফোরণের লক্ষ্যে বোমাগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারাদেশে বিতরণ করা হয়।
ডিবি সূত্র জানায়, উত্তর বাসাবোর একটি বাসায় প্রথমে বোমা তৈরি করার পর সারাদেশে বিতরণ করা হয়। চলতি মাসের আট সেপ্টেম্বর ওই বাসা থেকে শহিদুল্লাহ ও শাম্মী আক্তারকে গ্রেপ্তার করা হয়। জেএমবি সদস্য শহিদুল্লাহ ওরফে লোকমান জিজ্ঞাসাবাদে এ তথ্য জানায়।
পুলিশ শাম্মী আক্তারের স্বামী, জামা’আতুল মুজাহিদীনের শীর্ষ পর্যায়ের নেতা আব্দুস সামাদ ওরফে মিন্টুকে খুঁজছে।
এর আগে ২০০৩ সালের মার্চ মাসে যশোরে বোমা বহনের অভিযোগে ঝিকরগাছা পুলিশ শহিদুল্লাহকে আটক করে।
ডিবি সূত্র জানায়, পরে সে নিজের নাম পরিবর্তন করে লোকমান নাম ধারণ করে।
ডিবির কার্যক্রম পর্যবেক্ষণকারি এডিসি-ডিবি শফিকুল ইসলাম বুধবার জানান, আব্দুস সামাদের নেয়া ভাড়া বাসা থেকে তারা নিজেদের কার্যক্রম পর্যবেক্ষণ করতো।
ডিবি’র এডিসি আরও বলেন, শহিদুল্লাহ যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, তা যাচাই করার জন্য তারা তার বাসায় আবার তল্লাশি চালান।
তিনি বলেন, আমরা তার বক্তব্যের সত্যতা খুঁজে পেয়েছি।
ডিবি সূত্র জানায়, নওয়াবপুরের যে হার্ডওয়্যারের দোকান থেকে বোমা তৈরির ডাইস ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে, তার সাথে বোমা হামলাকারীদের একটি যোগসূত্র রয়েছে, এ ব্যাপারে তারা নিশ্চিত।
এদিকে গোয়েন্দা পুলিশ ইসলামি জঙ্গি গ্রুপের সাথে যোগসূত্র থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল থেকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ দু’জনকে আটক করেছে।
আটককৃতরা হচ্ছে, অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মোতালেব হোসেন এবং অপর এক বহিরাগত। মোতালেব সূর্যসেন হলেরই ১৭৭ নম্বর কক্ষের আবাসিক ছাত্র।
হলের ছাত্ররা তার কক্ষ থেকে ১২টি বই এবং বিপুল পরিমান লিফলেট উদ্ধার করেছে।
সূর্যসেন হলের ছাত্ররা জানায়, উদ্ধারকৃত বইগুলোর মধ্যে একটি হচ্ছে, আহলে হাদিসের গঠনতন্ত্র। তাছাড়া লিফলেটে শায়খ আবদুর রহমানের নাম উল্লেখ রয়েছে বলে তারা জানায়।
