শিক্ষা অধিদপ্তরের ডিজিসহ ৩ কর্মকর্তাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ
আদালত অবমাননার অভিযোগে কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এই মর্মে কারণ দর্শাতে হাইকোর্ট বুধবার শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক দিলারা হাফিজসহ তিন কর্মকর্তাকে ২২ অক্টোবর সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
অধিদপ্তরের অপর যে দুই কর্মকর্তাকে এ নির্দেশ দেওয়া হয়েছে তারা হচ্ছেন, উপ পরিচালক মফিজউদ্দিন আহমেদ ভূঁইয়া এবং সহকারী পরিচালক ওবায়দুল কাদের মিয়াজী।
শামীমা আফরোজসহ যশোরের নাকোল সম্মিলনী ডিগ্রী কলেজের সাতজন প্রভাষকের দায়ের করা একটি রিট পিটিশনের শুনানি শেষে হাইকোর্ট গত ১৫ আগস্ট এ বছরের জানুয়ারি থেকে আবেদনকারীদের এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) দেওয়ার জন্য অধিদপ্তরের ওই কর্মকর্তাদের নিদের্শ দেন।
কিন্তু ১৩ সেপ্টেম্বর পর্যন্ত হাইকোর্টের এ নির্দেশ তারা বাস্তবায়ন করেননি।
আবেদনকারী নাকোল কজেলের সাত প্রভাষক বুধবার শিক্ষা অধিদপ্তরের অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে একটি আদালত অবমাননা মামলা দায়ের করেন।
আবেদনকারীদের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন সিনিয়র অ্যাডভোকেট এবিএম নুরুল ইসলাম। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট আফিফা বেগম।
