২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ নিহত ৩, আহত ২০

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কালাডিঙ্গীতে বুধবার সকালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে স্থানীয় এক সাংবাদিকসহ তিনজন নিহত এবং অপর ২০ জন আহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2005, 06:30 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

নিহত ওই সাংবাদিক হচ্ছে, স্থানীয় দৈনিক আল আমিন পত্রিকার আনোয়ারা প্রতিনিধি সৈয়দ হোসেন (৪০)। তার বাড়ি কর্ণফূলী এলাকার শাহ মিরপুরে। নিহত অপর দু’জন হচ্ছে, আনোয়ারা উপজেলার হাইলধারের আনোয়ার হোসেন (৪০) এবং একই উপজেলার বরামচরের সৈয়দ নূর (৪৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিপরীত দিক থেকে আসা একটি জিপকে সাইড দিয়ে গিয়ে চট্টগ্রামগামী এ বাসটি ৩০ জন যাত্রী নিয়ে রাস্তার পাশ্ববর্তী খাদে পড়ে যায়। সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।

গুরুতর আহত সাত জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের তিন জনের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

আহত আট জনকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে বাকি পাঁচজন সামান্য আহত হওযায় তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।

দুর্ঘটনার পর বাস ও জিপের চালক এবং হেলপার দ্রুত পালিয়ে যায়।