র্যাবের হাতে ২ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বুধবার জানিয়েছে তারা রাজধানীর দুই দুর্ধর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার পুরান ঢাকা এবং মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সন্ত্রাসী মোহাম্মদ আলম ওরফে ইয়ায়িন ওরফে আদনানকে তার মোহাম্মদপুরের বাসা থেকে এবং মিন্টু ঘোষ ওরফে গোয়ালা মিন্টুকে শাঁখারী বাজার থেকে গ্রেফতার করা হয়।
মিন্টু ঘোষ একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বলে র্যাব জানায়।
র্যাব সূত্র আরও জানায়, মিন্টুর বিরুদ্ধে পুলিশহত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। অপরদিকে, তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমনের সেকেণ্ড ইন কমাণ্ড আদনান কমপক্ষে ছয়টি হত্যা মামলার আসামি।
র্যাব কর্মকর্তারা বলেন, তারা একাধিক হত্যাকাণ্ড ঘটিয়েছে। এছাড়া র্যাব কর্মকর্তারা তাদেরকে ঠাণ্ডা মাথার সন্ত্রাসী বলে উল্লেখ করেন।
কিভাবে তাদের গ্রেফতার করা হয়েছে তা বর্ণনা করে র্যাবের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম বিডিনিউজকে বলেন, তাদের গ্রেফতার করতে র্যাবের দু’টি টিম মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে। একটি টিম শাঁখারী বাজারের ৭১ নম্বর বাড়িতে তল্লাশি চালিয়ে মিন্টুকে গ্রেফতার করে। অপর টিমটি মোহাম্মদপুর হাউজিং সোসাইটির ২ নম্বর রোডের ২১ নম্বর বাড়ি থেকে আদনানকে গ্রেফতার করে।
র্যাব সদস্যরা এসময় মোহাম্মদপুর হাউজিং সোসাইটিরই ৪ নম্বর রোডের ২৫০ নম্বর বাড়ি থেকে আদনানের ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ আনোয়ার ওরফে কাজলকে (৩৩) গ্রেফতার করে।
