২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি গ্যাস বকেয়া আদায়ে বৈঠক, বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে বকেয়ার পরিমাণ ৭৮১ কোটি টাকা

সরকারি খাতে গ্যাসের বকেয়া বিল আদায় অগ্রগতি পর্যালোচনা করতে বুধবার ঢাকায় সচিব পর্যায়ের এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2005, 05:22 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

বৈঠক সূত্রে জানা গেছে, গত জুলাই মাসে বকেয়া আদায়ে নতুন করে উদ্যোগ নেওয়ার পর এ পর্যন্ত ২৩৮ কোটি টাকা আদায় হয়েছে। কিন্তু এখনো সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে বকেয়ার পরিমাণ ৭৮১ কোটি টাকা।

জ্বালানি মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, এই বকেয়ার মধ্যে সর্বোচ্চ ৩৩৮ কোটি টাকা পাওনা রয়েছে বিদ্যুৎ মন্ত্রণালয়স্থ সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কাছে। দ্বিতীয় খেলাপি হচ্ছে শিল্প মন্ত্রণালয়। তাদের কাছে পাওনার পরিমাণ ১৫৫ কোটি টাকা।

বুধবারের বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কাছে বকেয়া ৬৯ কোটি ৩৮ লাখ টাকা আদায়ে অগ্রগতি হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই টাকা আগামী এক মাসের মধ্যে পরিশোধ করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

গত জুন মাস পর্যন্ত পেট্রোবাংলার চারটি বিপণন কোম্পানির গ্যাস বিল অনাদায়ীর পরিমাণ ছিল ১৮১১ কোটি টাকা। তার মধ্যে সরকারি খাতে পাওনার পরিমাণ ছিল ৮৩১ এবং বেসরকারি খাতে ৯৮০ কোটি টাকা। বকেয়ার মধ্যে সর্বোচ্চ তিতাস গ্যাস কোম্পানির ৫৭০ কোটি টাকা, বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের ২৮৮ কোটি টাকা, জালালাবাদ গ্যাস কোম্পানির ১০০ কোটি টাকা এবং পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির ৪১ কোটি টাকা।

গত জুলাই মাসে সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে বকেয়া আদায়ের লক্ষ্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের সাথে জ্বালানি উপদেষ্টা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর এক বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থমন্ত্রী পরবর্তী ১৫ দিনের মধ্যে সকল গ্যাস বিল পরিশোধের নির্দেশ দেন। কিন্তু এই সময়কালে বকেয়া আদায়ে আশানুরুপ অগ্রগতি হয়নি।

জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৫ আগস্টের মধ্যে বকেয়া আদায়ের একটি চূড়ান্ত সময়সীমা দিয়ে কাজ করা হলেও এই সময়কাল পর্যন্ত মাত্র ২৩৮ কোটি টাকা বকেয়া আদায় করা সম্ভব হয়েছে।

এদিকে আজকের সভায় বকেয়া পরিমাণ নিয়ে জ্বালানি বিভাগের কর্মকর্তাদের সাথে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের মতবিরোধ দেখা দেয়। পিডিবি‘র পক্ষ থেকে দাবি করা হয়, বকেয়ার পরিমাণ ৪ মাস। কিন্তু পেট্রোবাংলার পক্ষ থেকে বলা হয় বর্তমানে পিডিবি‘র কাছে বকেয়ার পরিমাণ ৫ মাসের বিল। অর্থাৎ ৩৩৮ কোটি টাকা। জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বকেয়া তিন মাসের বিলের সমপরিমাণে নামিয়ে আনার অনুরোধ করা হয়।

একই সাথে শিল্প মন্ত্রণালয়কে বকেয়া পরিশোধের তাগাদা দেওয়া হয়।

গত জুন মাসে জ্বালানি উপদেষ্টা হিসাবে দায়িত্বভার নেওয়ার পর মাহমুদুর রহমান বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে বকেয়ার পরিমাণ ৫০ ভাগে নামিয়ে আনা হবে। তিনি আশা করেন, এই ধারা অব্যাহত থাকলে আগামী এক বছর পর গ্যাস খাতের আর কোনো বকেয়া থাকবে না।

অবশ্য এই সময়কালে বেসরকারি খাতের বকেয়া আদায়ের পরিমাণ বৃদ্ধি পেলেও সরকারি খাতে তা আশানুরূপ নয়। তাই অনেকেই মনে করছেন, সরকারি খাতের বকেয়া আদায়ে নাটকীয় পরিবর্তন না এলে জ্বালানি উপদেষ্টা ঘোষিত লক্ষ্য অর্জন করা যাবে না।