২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইলের সূত্র ধরে জঙ্গি নেতাদের সন্ধানে গোয়েন্দারা

জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শীর্ষ নেতারা সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন মোবাইল ফোনে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2005, 04:19 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

আত্মগোপন করা এ নেতারা মোবাইলে সব নির্দেশ দেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের।

গোয়েন্দা সূত্র জানায়, সরকারি গোয়েন্দারা মোবাইলের এ যোগাযোগের সূত্র ধরে শীর্ষ নেতাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছেন। সংশ্লিষ্ট মোবাইল কোম্পানিগুলোর ট্রান্সমিশন টাওয়ারের অবস্থানের ওপর ভিত্তি করে এটি নির্ণয় করা সম্ভব হচ্ছে। তবে এলাকাগুলোর প্রায় সবগুলোই যোগাযোগের দিক থেকে দুর্গম। এরমধ্যে কয়েকটি হচ্ছে ভারতীয় সীমান্তের কাছে।

গোয়েন্দাদের পাওয়া তথ্য অনুযায়ী একটি মোবাইল কোম্পানির ফোনই ব্যবহার করছেন এ নেতারা। কারণ এ কোম্পানিটির নেটওয়ার্ক ও সিগন্যাল সুবিস্তৃত এবং ভারতের বেশ কয়েকটি এলাকা থেকে এর সংযোগ পাওয়া সম্ভব।

একজন দায়িত্বশীল গোয়েন্দা কর্মকর্তা জানান, জেএমবি নেতারা বাংলাদেশের অভ্যন্তরে আছেন এবং তাদের এ নিরাপদ ঘাঁটিগুলো থেকে পরিচালনা করছেন সংগঠনের পুরো কার্যক্রম। প্রয়োজনে সীমান্ত অতিক্রম করে যাওয়ার ব্যবস্থাগুলোও তারা গুছিয়ে রেখেছেন বলে গোয়েন্দাদের বিশ্বাস।

তিনি জানান, রাজধানীর চারটি ঘনবসতিপূর্ণ এলাকায় জেএমবি নেতাদের সবচেয়ে বেশি যোগাযোগ।

সূত্র জানায়, মোবাইল ফোনের কথোপকথন থেকে জেএমবি নেতাদের অবস্থান সম্পর্কে আরও নিশ্চিত হতে চাইছেন গোয়েন্দারা। বাংলাদেশের কোন এলাকাগুলোতে শায়খ আব্দুর রহমান বা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই সবচেয়ে বেশী যোগাযোগ করেন, তাও বিশ্লেষণ করে বের করেছেন গোয়েন্দা কর্মকর্তারা।