বরিশালে ও নারায়ণগঞ্জে ক্রসফায়ারে ৩ চরমপন্থী সন্ত্রাসী নিহত
বরিশাল ও নারায়ণগঞ্জে বুধবার ভোরে র্যাবের ক্রসফায়ারে তিন চরমপন্থী সন্ত্রাসী নিহত হয়েছে।
বরিশালে নিহতরা হল-জিয়া গ্রুপের নেতা রুহুল আমিন ও গোলাম দস্তগির ফরিদ। ক্রসফায়ারে নারায়ণগঞ্জে নিহত হয়েছে সর্বহারা জিয়া গ্রুপের সদস্য আমিনুল ইসলাম মামুন।
র্যাব সূত্রের বরাত দিয়ে বিডিনিউজ বরিশাল প্রতিনিধি জানান, ঢাকা র্যাব-১০-এর একটি দল ১২ সেপ্টেম্বর রাতে রুহুল আমিনকে বরিশালের উজিরপুরের মুণ্ডুপাশা ও ফরিদকে বাবুগঞ্জের মহিষখোলা গ্রাম থেকে গ্রেফতার করে।
তাদের স্বীকারোক্তি অনুযায়ী র্যাব বুধবার ভোর সাড়ে ৪টার দিকে অস্ত্র উদ্ধারের জন্য মোড়াকাঠি গ্রামে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা র্যাবের ওপর গুলি চালায়।
র্যাবও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের এক পর্যায়ে রুহুল আমিন ও ফরিদ ঘটনাস্থলেই ক্রসফায়ারে নিহত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি বন্দুক, চার রাউণ্ড গুলি উদ্ধার করেছে।
র্যাব আরও জানায়, এদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ ও ঢাকায় ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
বিডিনিউজ নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, সিদ্ধিরগঞ্জ উপজেলার গোদনাইল এলাকায় বুধবার ভোরে র্যাবের ক্রসফায়ারে চারমপন্থী দলের সদস্য আমিনুল ইসলাম মামুন নিহত হয়। সে সর্বহারা পার্টি জিয়া গ্রুপের সদস্য ছিল।
তার বাড়ি বরিশালের বাবুগঞ্জে।
