২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের ইনজুরি প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী পরীক্ষামূলক কর্মসূচি

শহর ও গ্রামাঞ্চলের শিশুদের ইনজুরি জনিত মৃত্যু ও অসুস্থতা প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী একটি পরীক্ষামূলক কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2005, 06:20 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

বাংলাদেশ সরকার ও ইউনিসেফের সহযোগিতায় সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ ও দি এলায়েন্স ফর সেইফ চিলড্রেন (টাস্ক) এ কর্মসূচি বাস্তবায়ন করবে।

মঙ্গলবার ঢাকাস্থ ব্রাক সেন্টার ইনে অনুষ্ঠিত ‘বাংলাদেশ শিশু ইনজুরি প্রতিরোধ: সম্ভাবনা ও প্রতিবন্ধকতা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকের এ সিদ্ধান্ত হয়। সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ, ইউনিসেফ এবং স্বাস্থ্য অধিদপ্তর যৌথভাবে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

বৈঠকের প্রধান অতিথি বাংলাদেশের ইউনিসেফ প্রতিনিধি মর্টেন গিয়ারশিং বলেন, বর্তমানে ইনজুরি এদেশের শিশুমৃত্যুর অন্যতম কারণ এবং তা প্রতিরোধের এখনই সময়। তিনি বলেন, যদি আমরা একটু সচেতন হই তবে ইনজুরির হাত থেকে রক্ষা পাওয়া খুব কঠিন হবে না।

চলিতি বছরে প্রকাশিত ‘বাংলাদেশ হেলথ অ্যান্ড ইনজুরি সার্ভে’ অনুযায়ী প্রতিবছর প্রায় ৩০ হাজার শিশু (০-১৭) ইনজুরি জনিত কারণে মৃত্যুবরণ করে (১-১৭ বছর বয়সী শিশুরমৃত্যুর হার শতকরা ৩৮ ভাগ) এবং তাদের অর্ধেকই প্রাণ হারায় পানিতে ডুবে। বাংলাদেশ সরকার ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলো ইনজুরিকে অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচি হিসাবে চিহ্নিত করেছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

গোলটেবিল বৈঠকে বলা হয়, পরীক্ষামূলক ইনজুরি প্রতিরোধ কার্যক্রমের আওতায় বাড়ি, স্কুল ও কমিউনিটিকে নিরাপদ করার কর্মসূচি রয়েছে। এছাড়া ইনজুরি সমস্যাকে চিহ্নিত করার জন্য ‘ইনজুরি সার্ভিলেন্স সিস্টেম’ বাস্তবায়ন করা হবে। এ কার্যক্রম শিশুদের পানিতে ডোবা, সড়ক দুর্ঘটনা, পুড়ে যাওয়া, পড়ে যাওয়া, দুঘর্টনাজনিত বিষপান, কেটে যাওয়া, শ্বাসরোধ, প্রাণীর কামড় ইত্যাদি সব ধরনের ইনজুরি প্রতিরোধে সহায়তা করবে।

বৈঠকে আরও জানানো হয়, শিশুদের ইনজুরি বিষয়ে সচেতন করার লক্ষ্যে স্কুল পর্যায়ে পাঠ্যসূচিতে এ বিষয়টি অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। কমিউনিটি ভিত্তিক উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে থাকবে চার বছর ঊর্ধ্ব শিশুদের সাঁতার শেখানো, কমিউনিটি ভিত্তিক ক্রেশ পরিচালনা এবং আপদকালীন প্রস্তুতি।

এ কর্মসূচি সুষ্ঠভাবে পরিচালনার জন্য বাংলাদেশ সরকার, ইউনিসেফ এবং অন্যান্য বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে একটি টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটি গঠিত হবে বলে বৈঠকে জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. একেএম সামছুদ্দিন গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন এবং সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. একেএম ফজলুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।