২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ৬১

পৃথক সড়ক দুর্ঘটনায় সোমবার রাজবাড়ী, গাজীপুর ও লক্ষ্মীপুরে সাতজন নিহত এবং কমপক্ষে ৬১ জন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2005, 09:47 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

বিডিনিউজের গাজীপুর প্রতিনিধি জানান, জেলার সালানায় এবং ঢাকা-ময়মনসিংহ সড়কের গাজীপুরা নামক স্থানে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় সোমবার তিনজন নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছে।

সালানা রেলক্রসিংয়ে বেলা সাড়ে ১১টায় রাজশাহী থেকে আগত জয়দেবপুরগামী ট্রেন ‘সিল্কসিটি’ এবং একটি কাভার্ড ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হয়।

রেলক্রসিং স্থলে কোনও সংকেত ব্যবস্থা এবং গেট না থাকায় এ সংঘর্ষ ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

অপর ঘটনায়, ভোর সাড়ে ৫টায় ঢাকা-ময়মনসিংহ সড়কের গাজীপুরা নামক স্থানে একটি ট্রাক ডিভাইডারের সাথে ধাক্কা খেয়ে উল্টে গেলে ট্রাকের চালক নিহত এবং হেলপার আহত হয়।

নিহত চালকের নাম শামসুল ইসলাম (২৫) এবং গুরুতর আহত হেলপার হচ্ছে, আলাউদ্দিন (২৭)।

লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, জেলার রামগতি উপজেলার তোরাবগঞ্জ বাজারের কাছে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে পথচারী এক স্কুল ছাত্রী নিহত এবং ৩০ জন বাসযাত্রী আহত হয়েছে।

নিহত স্কুল ছাত্রীর নাম নাছিমা আক্তার (৮) বলে জানা গেছে।

আহতদের স্থানীয় সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পার্শ্ববর্তী স্কুলের ছাত্ররা ও বিক্ষুদ্ধ জনতা কয়েকটি বাস ভাংচুর করে এবং প্রায় তিন ঘন্টা ধরে সড়কটি অবরোধ করে রাখে।

পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ীর দৌলতদিয়া-খুলনা মহাসড়কের বসন্তপুরের নিমতলায় রোববার রাত ১টার দিকে এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং ৩০ জন আহত হয়েছে।

নিহত দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছে, আব্দুল হালিম মোল্লা (৫৫) ও আব্দুল আজিজ মিয়া (৪৮)। অপরজনের পরিচয় জানা যায়নি।

নিহতদের লাশ ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আহতদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজবাড়ী থানা পুলিশ জানায়, রাত প্রায় ১টার দিকে সাতক্ষীরা থেকে আগত ঢাকাগামী এসআর পরিবহনের একটি যাত্রীবাহী বাস (যশোর-ব-১১-০০২৩) বসন্তপুর নিমতলা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাককে সজোরে ধাক্কা দিলে বাসটি উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ বাস ও ট্রাকটি আটক করেছে।

এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।