২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বোমা হামলায় গ্রেফতারকৃত ৪ জনের ১৬৪ ধারায় জবানবন্দি

দেশজুড়ে ১৭ আগস্টের বিস্ফোরণকালে চট্টগ্রামে বোমা হামলায় জড়িত সন্দেহে গ্রেফতারকৃত চার জঙ্গি আজ চট্টগ্রাম মহানগর হাকিমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2005, 09:07 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

সদরুল আলম, আরশাদুল আলম, আবদুর সাত্তার মোল্লা, এবং জাহাঙ্গীর আলম নামের এ জঙ্গিদের ১৬৪ ধারায় জবানবন্দি নিয়েছেন ম্যাজিস্ট্রেট আকরাম হোসেন। গ্রেফতার হওয়া অপর জঙ্গি আহমদ মিয়াকে এখনো জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে ৩১ আগস্ট মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছিলো। এরা নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদীনের সদস্য।

বর্তমানে তাদের দ্বিতীয় দফায় ৭ দিনের রিমান্ড চলছে। দ্বিতীয় দফা রিমান্ডের পঞ্চম দিনে চার জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

গ্রেফতার করা পাঁচ জনকে দু’দফায় ১৪ দিনের রিমান্ডে এনে যৌথ জিজ্ঞাসাবাদ সেলে (জেআইসি) জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ১৭ আগস্টের বোমা হামলার ঘটনায় খুলশি থানায় দায়েরকৃত মামলায় এ চার জনের জবানবন্দি নেয়া হলো।

জেআইসির সমন্বয়কারী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (গোয়েন্দা) মোশারফ হোসেন মিয়াজি বিডিনিউজকে বলেছেন, গ্রেফতারকৃতরা বোমা হামলা ও চট্টগ্রামে জঙ্গি নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

চট্টগ্রামে বোমা হামলার মূল পরিকল্পনাকারী আহমদ মিয়াকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। দ্বিতীয় দফা রিমান্ড শেষে আহমদ মিয়াকে আবারও রিমান্ডে আনা হতে পারে বলে তিনি উল্লেখ করেন।