প্রবেশপত্রে জাল স্বাক্ষর, চবি শিক্ষার্থী বহিষ্কার
প্রবেশপত্রে পরীক্ষা নিয়ন্ত্রক ও বিভাগীয় চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে ধরা পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে এখন নাকানিচুবানি খেতে হচ্ছে।
সকল শিক্ষার্থীর প্রবেশপত্রে বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষর ও সিলমোহর একরকম থাকলেও তার প্রবেশপত্রে ব্যতিক্রম হওয়ায় অসদুপায় অবলম্বনের বিষয়টি ধরা পড়ে।
হতভাগ্য শিক্ষার্থী সাইফুর রহমান প্রাণিবিজ্ঞান বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র। প্রবেশপত্রে পরীক্ষা নিয়ন্ত্রক ও বিভাগীয় প্রধানের স্বাক্ষর ও সিলমোহর জাল করে সে সম্মান ফাইনাল পরীক্ষায় অংশ নেয়।
শ্রেণীকক্ষে উপস্থিতির হার চল্লিশ শতাংশেরও কম হওয়ায় সাইফুর রহমান অনিয়মিত হয়ে পড়ে এবং অসদুপায়ের আশ্রয় নেয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার হল থেকে তাকে বহিষ্কার করে এবং মঙ্গলবারের মধ্যে জাল সিলমোহর প্রক্টরের কাছে হস্তান্তরের নির্দেশ দেয়।
কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না-এ ব্যাপারে কারণ দর্শানোর জন্যও আদেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
