২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে দারোগার বিরুদ্ধে বাদি ও সাক্ষীদের কাছ থেকে ঘুষ আদায় এবং মামলা তুলে নিতে হুমকির অভিযোগ

বাগেরহাটে এক দারোগা একটি অপহরণ মামলার বাদি ও সাক্ষীদের ওপর চাপ সৃষ্টি করে টাকা আদায় এবং আসামিদের পক্ষ নিয়ে মামলা তুলে নিতে হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2005, 07:58 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

বাগেরহাট প্রেস ক্লাবে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে মামলার বাদি বিজন কুমার ঢালি চিতলমারী থানার এসআই মো. হাবিবের বিরুদ্ধে এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে চিতলমারী উপজেলার খড়মখালি গ্রামের দরিদ্র কৃষক বিজন কুমার ঢালী বলেন, তার ভাইয়ের অপহরণ মামলার তদন্ত করতে গিয়ে চিতলমারী থানার এসআই মো. হাবিব তার কাছে ১০ হাজার টাকা ঘুষ দাবি করে। দু’দফায় সাড়ে তিন হাজার টাকা পরিশোধ করে কোনও ফল না পেয়ে ২৫ আগস্ট বিজন ঢালী বাগেরহাটের পুলিশ সুপার এম. মোস্তফা কামালকে মামলার বিষয়ে লিখিতভাবে জানান।

এ অবস্থায় মামলাটি থানায় এন্ট্রি করে তদন্তের জন্যে একই থানার এসআই মনিরকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারপরও এসআই মো. হাবিবকে আবারও মামলা তদন্ত করতে দেওয়া হয়।

বিজন ঢালী জানান, এসপির কাছে অভিযোগ করায় তদন্ত কর্মকর্তা হাবিব ক্ষিপ্ত হয়ে ৯ সেপ্টেম্বর ওই মামলার দুজন সাক্ষী পঙ্কজ বোস ও ফুল মিঞাকে থানায় এনে নির্যাতন করে এবং তাদের কাছ থেকে পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা আদায় করেন। তিনি এ মামলায় স্বাক্ষী না দেওয়ার জন্যেও তাদের হুমকি দেন।

সম্পত্তি আত্মসাতের লক্ষ্যে পার্শ্ববর্তী শ্যামপাড়া গ্রামের রমেশ রায়, কামনাশিষ রায় ও কেষ্ঠ বিশ্বাস ৭ জুলাই বাদির নাবালক ভাই দেবাশীষ ঢালীকে (১৭) অপহরণ করে গুম করেছে মর্মে ৩০ জুলাই ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়েছিলো।

চিতলমারী থানা জানিয়েছে, এ মামলায় এখনও কেউ আটক হয়নি এবং দেবাশীষকে উদ্ধার করা যায়নি।