বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজীর সংবর্ধনা নিয়ে এসসিবিএ’র উদ্বেগ
রাজনৈতিক কর্মীদের কাছ থেকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী সংবর্ধনা গ্রহণ করায় সুপ্রিম কোর্ট বার অ্যাসাসিয়েশন (এসসিবিএ) রোববার গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
রোববার এক বিবৃতিতে এসসিবিএ’র সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম ইনায়েতুর রহিম আবারও বিচারপতি ফায়েজীর পদত্যাগের দাবি জানিয়ে প্রধান বিচারপতির কাছে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা মাদ্রাসা কমিটির ব্যানারে চলতি মাসের নয় তারিখে বিচারপতি ফয়েজীকে স্থানীয় বিএনপি-জামাত নেতৃবৃন্দ ও কর্মীরা অভ্যর্থনা দেয়।
গত বছরের ৩০ অক্টোবর থেকে এসসিবিএ বিচারপতি ফয়েজীর বেঞ্চ বয়কট করে আসছে। সোমবার তারা ফয়েজীর সংবর্ধনা গ্রহনের প্রতিবাদে অ্যাসোসিয়েশনের দক্ষিণ ভবনে জরুরী প্রতিবাদ সমাবেশ করবে।
ফয়েজীর পদত্যাগ দাবি করে এসসিবিএ’র সভাপতি বলেন, সুপ্রিম কোর্টের মর্যাদা ও ভাবমূর্তি রক্ষার জন্য তার পদত্যাগের কোনও বিকল্প নেই।
ফয়েজী মিথ্যা তথ্য দিয়ে এনরোলমেন্ট সনদপত্র (এডভোকেটশীপ সার্টিফিকেট) গ্রহণ করায় বাংলাদেশ বার কাউন্সিল এপ্রিলের ২৪ তারিখে তা বাতিল করে দেয়।
এসসিবিএ নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক নেতাদের সাথে বিচারপতি ফয়েজীর সংশ্লিষ্টতা বিচারকদের সাথে সাথে বিচার বিভাগের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।
