২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ মন্ত্রণালয় ও স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাতসারেই ফি বৃদ্ধির ফাইলে স্বাক্ষর করেছি: সাবেক স্বাস্থ্য সচিব

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব আফম সারোয়ার কামাল বলেছেন, অর্থমন্ত্রণালয়ের অনুমোদন এবং স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাতসারেই সরকারি হাসপাতালগুলোর বিভিন্ন ফি বৃদ্ধির ফাইলে তিনি স্বাক্ষর করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2005, 10:34 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

বিডিনিউজ-এর সাথে এক টেলিফোন সাক্ষাৎকারে রোববার তিনি বলেন, জুলাইয়ের শেষে বা আগস্টের প্রথম সপ্তাহে স্বাস্থ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর সভাপতিত্বে এক সমন্বয় বৈঠকে অন্যান্য বিষয়ের সাথে সারচার্জ বৃদ্ধির সিদ্ধান্তেও মন্ত্রী স্বাক্ষর করেছেন।

সরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্য সেবার বিনিময়ে রোগীদের কাছ থেকে নেওয়া বিভিন্ন প্রকার সারচার্জ বৃদ্ধি সংক্রান্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জারি করা পরিপত্রটি রোববার বাতিল করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মন্ত্রীর অনুমোদন ছাড়া তার অজ্ঞাতেই সাবেক সচিব চার্জ বৃদ্ধি সংক্রান্ত এ পরিপত্র জারির নির্দেশ দিয়েছিলেন এবং এ পরিপত্রের সাথে সরকারের নীতি নির্ধারণী মহল বা মন্ত্রীর কোনও সম্পৃক্ততা ছিল না।

সারোয়ার কামাল বর্তমানে ইন্টারন্যাশনাল জুট ইন্সটিটিউটের মহাপরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি বলেন, যে পরিমাণ ফি বৃদ্ধির ফাইলে তিনি স্বাক্ষর করেছেন, অর্থ মন্ত্রণালয় তাকে তার চেয়ে বেশি বাড়াতে বলেছিল।

তবে অপর একটি সূত্র জানায়, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে চাপ বেড়ে যাওয়ায় সরকার স্বাস্থ্যখাতে চার্জ বৃদ্ধির এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে।