পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটের ২টি ফেরিই বিকল, দুপাড়ে দীর্ঘ যানজট
যমুনা নদীতে পানি কমে যাওয়ায় এবং চ্যানেলের মুখে ড্রেজিং-এর কাজ চলার কারণে পাটুরিয়ার-দৌলতদিয়া রুটের তিনটি ফেরিঘাটের মধ্যে দু’টি ফেরিই বিকল হয়ে পড়েছে।
এর ফলে যানবাহন পারাপার বিঘ্নিত হওয়ায় দুই পাড়ে দীর্ঘ যানজটে পড়ে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ অবস্থা চলতে থাকলে যেকোন মুহূর্তে ফেরি সার্ভিস বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল।
আমাদের মানিকগঞ্জ প্রতিনিধি জানান, রোববার দুপুর ১২টায় পাটুরিয়া ঘাটের কাছে বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান নামের রোরো ফেরি ১২টি যানবাহন নিয়ে ডুবোচরে আটকে পড়লে ফেরি ঘাটে এ জটের সৃষ্টি হয়।
অন্যদিকে যমুনার তীব্র স্রোতে কাজীর হাট ফেরিঘাটের অর্ধেক নদী গর্ভে চলে যাওযায় পাটুরিয়ার কাজীর নৌ রুটে ফেরি চলাচলও মারাত্বক বিঘ্ন ঘটছে।
রাজবাড়ী প্রতিনিধি জানায়, পদ্মা নদীতে প্রতিদিন ৫/৬ সেন্টিমিটার করে পানি কমছে। এতে করে দৌলতদিয়া ফেরি ঘাটেও মারাত্মক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। এর ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে কোন মুহূর্তে ফেরি যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়তে পারে।
এদিকে নাব্যতার সংকট নিরসনের জন্য বিআইডব্লিউ টি’র ড্রেজিং ইউনিট ৩টি ড্র্রেজার দিয়ে পাটুরিয়া ঘাটের কাছে ড্রেজিং কার্যক্রম চালু করেছে। এ পর্যন্ত ১৫ হাজার ঘন মিটার পলি অপসরণ করেছে। দুএকদিনের মধ্যে আরো দুটি ড্রেজার এ ঘাটে পৌঁছবে বলে সূত্র জানায়।
