রেলওয়েকে আধুনিকীকরণ করা হবে : যোগাযোগমন্ত্রী
যাত্রীদের মাঝে রেল ভ্রমণে আগ্রহ সৃষ্টি করতে শীততাপ নিয়ন্ত্রিত কোচ সংযুক্তকরণ, রেল পথ মেরামত এবং সিগনালিং ব্যবস্থার আধুনিকিকরণসহ সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
বিএনপির এমপি এসএ খালেকের এক প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী ব্যরিস্টার নাজমুল হুদা রোববার সংসদকে জানান, সরকার ইতোমধ্যেই যাত্রীদের জন্য রেল ভ্রমণকে আরামদায়ক করতে ৫০ টি ব্রড ও মিটার গেজ রেল স্থাপন করেছে এবং ৩০ টি শীততাপ নিয়ন্ত্রিত কোচ ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন করেছে।
মন্ত্রী আরও বলেন, রেল বিভাগ বিভিন্নস্থানে রেল পথ মেরামতের কাজ করছে। পাশাপাশি চলছে সিগনালিংয়ের আধুনিকিকরণের কাজ। এতে ট্রেনের গতি বৃদ্ধি পাবে।
যোগাযোগ মন্ত্রী জানান, সরকার তারাকান্দি থেকে যমুনা সেতুর পূর্ব পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ হাতে নিয়েছে।
ব্যরিস্টার হুদা বলেন, আখাউড়া বাইপাস নির্মিত হলে ঢাকা-সিলেট রেলপথে ভ্রমণের সময় ২০-৩০ মিনিট কমে যাবে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০০৪-০৫ অর্থবছরে সড়ক ও জনপথ বিভাগের আওতায় সর্বমোট ৭৭ টি সেতু এবং ২১১ টি কালভার্ট নির্মাণ করা হয়। এছাড়াও ২০১ টি সেতু এবং ১২৭ টি কালভার্টের নির্মাণ কাজ চলছে।
