কৃষি খাত থেকে মধ্যসত্ত্বভোগীদের অবশ্যই উৎখাত করতে হবে : কর্মশালায় বক্তারা
‘কৃষক দলভিত্তিক বাজার ব্যবস্থাপনা ও উচ্চমূল্য ফসলের বাজারজাতকরনের বিকল্প ধারা’ শীর্ষক এক জাতীয় কর্মশালায় বক্তারা বলেছেন, কৃষি খাত থেকে মধ্যসত্ত্বভোগীদের অবশ্যই উৎখাত করতে হবে।
রোববার মানিকগঞ্জের কৈট্টাস্থ প্রশিকা মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা এ কথা বলেন।
তারা কৃষকদের উৎপাদিত পন্যের নায্য মূল্য নিশ্চিত করার লক্ষে একটি বাস্তব সম্মত বিপনন কৌশল নির্ধারনের সুপারিশ করেন। একই সাথে বর্তমানে বিরাজমান পরিস্থিতি সঠিকভাবে মোকাবেলার মাধ্যমে বাজার টিকিয়ে রাখার স্বার্থে উচ্চ মূল্যের পন্য উৎপাদনের উপরও গুরুত্ব আরোপ করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশিকার প্রেসিডেন্ট ড. কাজী ফারুক আহমেদ।
অনুষ্ঠানে সভাপতির ভাষণে ড. কাজী ফারুক আহমেদ বলেন, কৃষি খাত থেকে মধ্যসত্ত্বভোগীদের অবশ্যই উৎখাত করতে হবে।
এডিবি’র আবাসিক প্রতিনিধি মিস হুয়া ডু বলেন, বাংলাদেশে কৃষি খাত হচ্ছে জাতীয় অর্থনীতির মূল ভিত্তি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এশীয় উন্নয়ন ব্যাংকের আবাসিক প্রতিনিধি মিস হুয়া ডু, কৃষি সম্প্রসারণ বিভাগের পরিচালক এ কে এম এনামুল হক মিয়া, এনসিডিপি প্রকল্প পরিচালক মো শাহাব উদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. সালেহ আহমেদ।
রাজশাহী বিভাগের ১৬ টি জেলার ৬১ টি উপজেলা এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক প্রদত্ত ৪৭ দশমিক ২ মিলিয়ন ডলার অনুমোদনের মাধ্যমে ২০০১ সালে এই প্রকল্প চালু হয় এবং এর মাধ্যমে ১০ হাজার ক্ষুদ্র চাষী সমিতি গঠনের মাধ্যমে দুই লাখ কৃষককে প্রশিক্ষন প্রদান, এক লাখ ৬০ হাজার কৃষককে ঋণ সুবিধা প্রদান ও ৪০ হাজার হেক্টর জমি উচ্চ মূল্যে ফসল উৎপাদনের অওতায় আনার পরিকল্পনা গ্রহন করা হয়। এতে অতিরিক্ত উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় তিন লাখ ৭০ হাজার মেট্রিক টন এবং কর্মসংস্থানের ব্যবস্থা রাখা হয় ৪৪ লাখ। পরিকল্পনাটি বাস্তবায়নের সময় ধরা হয়েছে সাত বছর।
কৃষি প্রতিমন্ত্রী বলেন, এনসিডিপি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। তবে প্রকল্পটি শ্লথ গতিতে চলছে। তিনি বলেন, কৃষক উৎপাদিত পণ্যের নায্যমুল্য না পেয়ে অন্য পেশায় চলে যেতে বাধ্য হচ্ছে।
প্রশিকা মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র ট্রাস্টের মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহন করেন দুই শতাধিক মাঠ পর্যায়ের কৃষক, কৃষি কর্মকর্তা, ভোক্তা, গবেষক এবং সরকারী বেসরকারী বভিন্ন সংস্থার প্রতিনিধি।
