২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান মার্চ-এপ্রিলে

বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানের লক্ষ্যে আগামী বছরের জুলাই মাসকে উৎপাদন অংশীদারিত্ব চুক্তি (পিএসসি) স্বাক্ষরের ডেডলাইন নির্ধারণ করে সরকার প্রস্তুতি গ্রহণ শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2005, 05:32 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

এ লক্ষ্যে আগামী বছরের মার্চ কিংবা এপ্রিলে পেট্রোবাংলা তেল গ্যাস অনুসন্ধানে তৃতীয় বারের মতো আন্তর্জাতিক দরপত্র আহ্বান করবে।

বিডিনিউজ এর কাছে এ তথ্য প্রকাশ করে রোববার জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বলেন, লক্ষ্য ছিল চলতি বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা। যৌক্তিক কারণে আমাদের তা পিছিেিয় দিতে হচ্ছে। তবে এ সময়ে বিডিং এ যাওয়ার জন্যে প্রয়োজনীয় সকল প্রস্তুতি শেষ করা হবে।

জানা গেছে, বিডিং এর প্রস্তুতি হিসেবে প্রথমে নন এক্সক্লুুসিভ স্পেকুলেটিভ সাইসমিক সার্ভের জন্যে দরপত্র আহ্বানে দেওয়া পেট্রোবাংলার প্রস্তাব জ্বালানি মন্ত্রণালয় গ্রহণ করেছে। তবে এর জন্যে নীতিমালা প্রণয়ন ও সমুদ্র সীমানা নির্ধারণে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্য মন্ত্রণালয়গুলোর অনুমোদন গ্রহণের জন্যে অতিরিক্ত জ্বালানি সচিব এহসান উল ফাত্তাহকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সকল কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার কমিটির এক সভায় পুরো বিষয়টি পর্যালোচনা করা হয়।

সূত্রে প্রকাশ, পেট্রোবাংলা ৩১ অক্টোবরের মধ্যে নন এক্সক্লুুসিভ স্পেকুলেটিভ সাইসমিক সার্ভের জন্যে দরপত্র আহ্বান করবে। এ কাজের জন্যে একটি কোম্পানিকে নির্বাচন করা হবে। শর্ত দেওয়া হবে তিন মাসের মধ্যে তাদের সাইসমিক সার্ভের কাজ শেষ করে জিওলোজিক্যাল এবং জিওফিজিক্যাল ম্যাপিং সম্পন্ন করতে।

নন এক্সকুসিভ স্পেকুলেটিভ সাইসমিক সার্ভের জন্যে দরপত্র আহ্বানের পর পিএসসি স্বাক্ষরের ওপর আদালতের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ নেয়া হবে। একই সাথে বিডিং এর জন্যে প্রকাশনা, মূল্যায়ন পদ্ধতি এবং মডেল পিএসসির প্রয়োজনীয় সংশোধনের কাজ চূড়ান্ত করা হবে।

জানা গেছে, দরপত্র আহ্বানের পর দরপ্রস্তাব দেওয়ার জন্যে ৪৫ দিন সময় দেওয়া হবে। আর প্রস্তাব পাওয়ার পর মূল্যায়ন ও নেগোসিয়েশন শেষ করে পরবর্তি ৪৫ দিনের মধ্যে পিএসসি স্বাক্ষর করতে হবে।

মাহমুদুর রহমান বিডিনিউজকে বলেন, সময় দিয়ে এবং স্বচ্ছতা বজায় রেখেই ৯০ দিনের মধ্যে পুরো কাজ শেষ করা সম্ভব।

অবশ্য ৩য় রাউন্ড বিডিং নিয়ে মতামত চাইলে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর নুরুল ইসলাম বলেন, নির্বাচনের আগে এতটা তড়িঘড়ি করে পিএসসি করা কোনোভাবেই ঠিক হবে না। অন্যদিকে সরকারের উচিত আগের পিএসসিগুলো থেকে আমরা কী পেয়েছি, তা মূল্যায়ন করে পুরো বিষয়টি জনবির্তকের জন্যে উন্মুক্ত করে দেওয়া। এরপর সরকারের সিদ্ধান্ত নিতে হবে ৩য় রাউন্ড বিডিং এ যাওয়া ঠিক হবে কিনা।

তিনি আরও বলেন, দেশের এত বড় স্বার্থ নিয়ে নেগোসিয়েশন করার মতো যোগ্য লোক কিন্তু চোখে পড়ে না। তাই তড়িঘড়ি করে পুরো দেশের স্বার্থকে বিপন্ন করে দেওয়ার দায়িত্ব জ্বালানি মন্ত্রনালয় আর পেট্রোবাংলার কয়েকজন আমলার উপর ছেড়ে দেওয়া ঠিক হবে না।

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, আসন্ন এ বিডিং কেবল বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের জন্যে সীমিত রাখা হবে। এবারের ব্লকগুলোর সাইজ হবে আগের চেয়ে অনেক ছোট। আগের চারটি ব্লককে (১৫, ১৯, ২০ ও ২১) ভাগ করে আটটি ব্লক করা হবে। এ ব্লকগুলোর অবস্থান ৮০ থেকে ৮৫ নটিক্যাল মাইল দূরত্বের মধ্যে। এর বাইরে পশ্চিমে ২১ নং ব্লকের সীমানা বরাবর এবং পূর্বে মায়ানমারের অফশোর ব্লকের সীমানা অনুসরণ করে ২০০ নটিক্যাল মাইল (১৮ ডিগ্রী দক্ষিণে) পর্যন্ত সমুদ্রের অর্থনৈতিক জোনে আরও বেশ কয়েকটি ব্লক করার সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। তবে নন এক্সকুসিভ স্পেকুলেটিভ সাইসমিক সার্ভের ফলাফল পাওয়ার পর ব্লক সংখ্যা ও বিভাজন চূড়ান্ত করা হবে।

জ্বালানি মন্ত্রনালয় আশা করছে, ৩য় রাউন্ড বিডিং এ আমেরিকা, ইউরোপের কোম্পানিগুলো ছাড়াও ভারত, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া এবং চীনের তেল গ্যাস কোম্পানিগুলো অংশগ্রহন করবে। ইতোমধ্যে ভারতের কোম্পানি ওএনজিসি এবং গেইল, দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানি এবং চীনের কয়েকটি কোম্পানি বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে আগ্রহ প্রকাশ করে প্রস্তাব দিয়েছে।