২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভোলা ও কলাপাড়ায় ট্রলারডুবি

বঙ্গোপসাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শনিবার উপকূলীয় অঞ্চল ভোলার মনপুরা এবং পটুয়াখালীর কলাপাড়ায় দুটি মাছ ধরার ট্রলার ডুবে যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2005, 09:48 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

মৎস্যজীবীরা আশংকা করছেন, আরও ট্রলারডুবি এবং প্রাণহানি ঘটতে পারে।

বরিশাল ও ভোলা প্রতিনিধি জানান, শনিবার দুপুর ১টার দিকে ভোলার মনপুরা উপজেলার রামনেওয়াজ কাটাখাল সংলগ্ন মেঘনায় প্রবল স্রোতের তোড়ে ১২ জন যাত্রীসহ একটি মাছ বোঝাই ট্রলার ডুবে যায়। যাত্রীরা সাতঁরিয়ে তীরে উঠতে পারলেও প্রায় ১০ লাখ টাকার ১৭ ঝুড়ি ইলিশ মাছ ভেসে গেছে। উদ্ধার করা সম্ভব হয়নি ট্রলারটিও।

কলাপাড়া প্রতিনিধি জানান, শনিবার সন্ধ্যায় কলাপাড়া সমুদ্র সৈকত থেকে বঙ্গোপসাগরের প্রায় ৪০ কিলোমিটার ভেতরে ১২ জন জেলেসহ একটি ট্রলার ডুবে যায়। ঘটনার দুই ঘন্টা পর জেলেদের উদ্ধার করা হয়েছে।

মহিপুর মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দাস বিডিনিউজকে জানান, ট্রলার ডুবে যাওয়ার মতো আবহাওয়া এখন বিরাজ করছে বঙ্গোপসাগরে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো কোনো ট্রলার ডুবে যেতে পারে, ঘটতে পারে প্রাণহানি।