২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে আটক দাউদ শেখ বোমা মামলায় গ্রেফতার, রিমান্ড শেষে জেএমবি নেতা জুবায়ের কারাগারে

বাগেরহাটের মোল্লাহাট থেকে লিফলেট ও পুস্তকসহ আটক আহলে হাদীস নেতা দাউদ শেখকে ১৭ আগস্টের বোমা মামলায় গ্রেফতার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2005, 09:37 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

পুলিশ শনিবার তাকে সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠিয়েছে। রোববার এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

এদিকে ওই মামলায় রিমান্ডে থাকা বাংলাদেশ আহলে হাদীস যুব সংঘের জেলা সভাপতি এবং জেএমবি নেতা মুহা. জুবায়ের হুসাঈনকে সাতদিনের রিমান্ড শেষে শনিবার আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে জুবায়ের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছে। তবে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোফাজ্জেল তদন্তের স্বার্থে এ বিষয়ে কোনও কথা বলতে রাজি হননি।

বাগেরহাটে বোমা হামলার মামলায় পুলিশ মোট পাঁচ জনকে গ্রেফতার করলো।

আটককৃতরা হচ্ছে, বাগেরহাট সদর উপজেলার কালদিয়া গ্রামের আল মারকাজুল ইসলামী আস সালাফী মাদ্রাসা ও ইয়াতিমখানার সুপারিনটেনডেন্ট মু. জুবায়ের হুসাঈন, ওই মাদ্রাসার শিক্ষক মো. বারাকাতুল্লাহ আল মোর্শেদ, ফকিরহাট কারামতিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক সেলিম শেখ, চিতলমারী উপজেলার শৈলদহ মাদ্রাসার শিক্ষক গাজী আব্দুল্লাহ এবং মোল্লাহাট আহলে হাদীস মসজিদের ইমাম মাওলানা দাউদ শেখ।

এদের মধ্যে মো. বারাকাতুল্লাহ আল মোর্শেদ আদালতে ১৬৪ ধারায় প্রদত্ত জবানবন্দিতে বাগেরহাটের একটি পয়েন্টে বোমা হামলায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং বোমা সরবরাহকারী হিসেবে চিতলমারীর গাজী আব্দুল্লাহ’র নাম প্রকাশ করে। পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত ধৃত গাজী আব্দুল্লাহ’র আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে তবে পুলিশ এখনও তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেনি।