এমডিজি সমাবেশে অংশগ্রহণকারীদের জানা নেই, কেন এ আয়োজন
সহস্রাব্দের উন্নয়ণ লক্ষ্য (এমডিজি) অর্জনে ওয়ার্ল্ড সামিট ২০০৫ সামনে রেখে দ্বিতীয় সাদা ফিতা দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নেয়া তৃণমূল পর্যায়ের মানুষ জনের জানা নেই, কেন এ আয়োজন।
কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার পিপলস ফোরাম অন এমডিজিস শোভাযাত্রা ও সমাবেশ করে।
এতে অংশগ্রহণকারী ফাতেমা বেগম জানান, তাকে বলা হয়েছে এখানে শোভাযাত্রা হবে, যেখানে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বক্তব্য দেবেন।
সমাবেশ সম্পর্কে আগে থেকে তাকে কিছু জানানো হয়েছে কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তাকে এ ব্যাপারে আগে থেকে কিছুই বলা হয় নি।
কিষাণী সমিতির সদস্য ইতি রাণী জানান, আমরা এখানে এসেছি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের ঊর্ধŸগতি নিয়ে সমাবেশে আলোচনা করা হবে বলে।
শারীরিক প্রতিবন্ধী মাহবুবুর রহমান জানান, জনগণের অধিকার বাস্তবায়নে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানাতে আমরা এখানে সমাবেত হয়েছি।
এনজিও কর্মকর্তা এফএম মঈন বলেন, তারা এখনও পর্যন্ত এমডিজি সম্পর্কে তৃণমূল পর্যায়ের মানুষকে সচেতন করতে পারেন নি।
তিনি আরও বলেন, এনজিওগুলো এ ব্যাপারে সচেতনতা তৈরি করার জন্য বিভিন্ন পন্থা খুঁজছে।
ক্যাম্পে (ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন ) এর পরিচালক তাসনিম আতাহার বলেন, তারা সদস্য সংগঠনগুলোকে এমডিজি সম্পর্কে সচেতন করেছেন। তিনি বলেন, তাদের দায়িত্ব ছিল তৃণমূল পর্যায়ের মানুষকে জানানো।
‘ওয়ার্ল্ড সামিট, ২০০৫’ সামনে রেখে বিশ্ব নেতৃবৃন্দ যাতে দারিদ্র্য নিরসনে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগি হয়, সে লক্ষ্যেই এই শোভাযাত্রা ও সমাবেশ।
নিউইয়র্কে চলতি মাসের ১৪-১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড সামিটে বিশ্ব নেতৃবৃন্দ এমডিজি’র অগ্রগতি পর্যালোচনা করবেন।
মোট ১৩৪ টি সংগঠনের সমন্বয়ে গটিত ‘পিপলস ফোরাম অন এমডিজিস’ (পিএফএম) ঢাকাসহ দেশের ১৮ টি জেলায় শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করে।
