‘চীন এবং আসিয়ান দেশগুলোতে শ্রম মজুরি বৃদ্ধির সুযোগ নিতে পারে বাংলাদেশ’
সফররত জাপানি বানিজ্য নেতা কোজি নোজিমা বলেছেন, চীন এবং আসিয়ান দেশগুলোতে শ্রম মজুরি বৃদ্ধির সুযোগ নিতে পারে বাংলাদেশ।
জাপান-বাংলাদেশ জয়েন্ট কমিটি ফর কমার্শিয়াল এন্ড ইকনোমিক কোঅপারেশন (জেবিসিসিইসি) এর চেয়ারম্যান কোজি নোজিমা শনিবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর সাথে স্থানীয় এক হোটেলে আলোচনায় একথা বলেন। বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে ব্যবসা-বাণিজ্যে ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, ১৯৮০ সালে জাপান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (জেসিসিআই) এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর যৌথ উদ্যোগে জেবিসিসিইসি প্রতিষ্ঠিত হয়। ঢাকায় অনুষ্ঠিত জাপান ট্রেড শো-২০০৫ উপলক্ষে নোজিমা বাংলাদেশ সফর করছেন।
গত জুলাই ২০০৫ এ জাপানে অনুষ্ঠিত জেবিসিসিইসি’র ১৪তম সভায় অংশগ্রহনের জন্য প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, পররাষ্ট্রমন্ত্রী, অন্যান্য মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন, ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় জাপান ট্রেড শো-২০০৫ এ অংশগ্রহন ছাড়াও কোজি নোজিমা টোকিওতে গত জুলাই মাসে অনুষ্ঠিত ১৪তম জেবিসিসিইসি সভায় জাপান পক্ষের প্রস্তাবাবলীর প্রেক্ষিতে ভবিষ্যত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
কোজি নোজিমা এফবিসিসিআই-এর সভাপতি নির্বাচিত হওয়ায় মীর নাসির হোসেনকে অভিনন্দন জানান এবং আশা করেন যে, তার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের বেসরকারি খাত আরো উন্নতির দিকে এগিয়ে যাবে।
নোজিমা বাংলাদেশে জাপানের অব্যাহত সহযোগিতা প্রক্রিয়ায় তাঁর সংশ্লিষ্টতার কথা উল্লেখ করেন এবং চীন ও আসিয়ান দেশগুলোতে জাপানের বর্তমান বিনিয়োগ পরিস্থিতির চিত্র তুলে ধরেন। ঐসব দেশের অর্থনৈতিক উন্নয়নের ফলে শ্রমিকের মজুরি বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশে যেহেতু শ্রমিকের মজুরি কম, তাই বাংলাদেশ এ পরিস্থিতির সুযোগ গ্রহন করতে পারে বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশে জাপান সরকারের সহযোগিতা প্রদান প্রক্রিয়ায় তিনি ক্যাটালিস্ট-এর ভূমিকা পালন করছেন বলে কোজি নোজিমা জানান।
বিনিয়োগ পরিবেশ প্রসঙ্গে কোজি নোজিমা বলেন, বাংলাদেশে জাপানি বিনিয়োগের ক্ষেত্রে হরতাল হচ্ছে প্রধান বাঁধা। আরো ছোট কিছু সমস্যা রয়েছে-যার তালিকা বাংলাদেশে জাপানি বিনিয়োগ ও ব্যবসায়ীদের সংগঠন সোকোকাই ইতিমধ্যে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যানের কাছে পেশ করেছে। নোজিমা সোকোকাই এর উক্ত তালিকা এফবিসিসিআই-কে প্রদানের জন্য জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই) কে নির্দেশ দেন।
জাপান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (জেসিসিআই) এর সাথে আলোচনার ভিত্তিতে ঢাকায় অনুষ্ঠেয় জেবিসিসিআই এর পরবর্তী সভার প্রস্তুতিমূলক কাজের জন্য নোজিমা এফবিসিসিআই সভাপতিকে অনুরোধ জানান। ফলে সভার এজেন্ডায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো সন্নিবেশ করার মাধ্যমে নির্দিষ্ট সুপারিশ পাওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন।
নোজিমার বক্তব্যের জবাবে এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন বলেন, যেহেতু বাংলাদেশে জাপানের সহযোগিতা প্রক্রিয়ায় নোজিমা ক্যাটালিস্ট হিসাবে কাজ করছেন, তাই তাঁর প্রতি বিশেষ শ্রদ্ধা রয়েছে। এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন উল্লেখ করেন যে, জাপান বাংলাদেশের সর্ববৃহৎ উন্নয়ন সহযোগী। নির্মান ও অবকাঠামো খাতে বিনিয়োগের পাশাপাশি আসিয়ান ও এশীয় অন্যান্য দেশের চেয়ে শ্রমিকের মজুরি কম বলে জাপান তাদের বিভিন্ন শিল্প বাংলাদেশে স্থানান্তর করতে পারে বলে তিনি জেবিসিসিইসি’র চেয়ারম্যানকে আহবান জানান। গত জুলাই মাসে জাপানে অনুষ্ঠিত ১৪তম জেবিসিসিইসি’র সভা উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতি বাংলাদেশে জাপানি বিনিয়োগের গুরুত্বের বিশেষ স্বীকৃতি বহন করে বলে এফবিসিসিআই সভাপতি জানান। মীর নাসির হোসেন বাংলাদেশে জাপানের বিশেষ ‘রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল’ প্রতিষ্ঠার অনুরোধ জানান।
সভায় এফবিসিসিআই সহ-সভাপতি দেওয়ান সুলতান আহমেদ, জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই)-এর সভাপতি মতিউর রহমান, জেবিসিসিআই এর সহ-সভাপতি মি: হিদেও উইনো, জেবিসিসিআই-এর সহ-সভাপতি জনাব আব্দুল হক, জাপানী ব্যবসায়ী জু নিচি নিজুমা এবং জেবিসিসিআই এর মহাসচিব ড. এ.কে.এম. মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।
