র্যাব পরিচয়ে হুমকি: সেনাসদস্য আটক
সিলেটে র্যাব সদস্য পরিচয়ে হুমকি দেওয়ার ঘটনায় জনতা আতাউর রহমান (৩৫) নামে এক সেনাসদস্যকে আটক করেছে।
সিলেট নগরীর অদূরে ইসলামপুরের চামেলীবগ এলাকার ২৭ নং বাসা থেকে শুক্রবার রাতে তাকে আটক করা হয়।
আটককৃত সেনাসদস্য জানায়, সে তার বন্ধু পাপলুর বাসায় বেড়াতে এসেছিল।
অন্যদিকে ২৭ নং বাসার মালিক বিমান দে জানান, তাদের সাথে জমি নিয়ে প্রতিবেশি পাপলুর বিরোধ রয়েছে। আতাউর পাপলুর পক্ষে নিজেকে র্যাব সদস্য পরিচয় দিয়ে জমি সংক্রান্ত সমস্যা বিষয়ে তাদের হুমকি দিয়ে আসছিল।
আতাউর শুক্রবার রাতে উচ্চস্বরে বিমান দে ও তার পরিবারের লোকদের শাসাতে থাকলে এলাকার লোকজন ঘটনাস্থলে জড়ো হয় এবং তাকে আটক করে জালালাবাদ সোনাবাহিনীকে জানায়। রাতে একজন মেজরের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল থেকে আতাউরকে নিয়ে যায়।
