ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ৪ বাংলাদেশীকে কুপিয়ে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে শুক্রবার সকালে ভারতীয় জনতা চার বাংলাদেশীকে কুপিয়ে হত্যা করেছে।
নিহতরা হচ্ছে-হিরাপুর গ্রামের মোজাম্মেল (৩৫), কালিকাপুরের আলম (৩২), হিরাপুরের রাজ্জাক এবং অজ্ঞাতনামা আরও একজন।
বিএসএফ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, শুক্রবার সকালে মোজাম্মেলসহ চারজনকে সীমান্ত এলাকা থেকে বিএসএফ ধরে নিয়ে গিয়ে ভারতীয় জনতার হাতে তুলে দেয়। এসময় জনতার গণপিটুনি ও ধারালো অস্ত্রের আঘাতে ওই চার বাংলাদেশী নিহত হয়।
ব্রাহ্মণবাড়িয়া-১ রাইফেল ব্যাটালিয়ানের উপঅধিনায়ক মেজর শেখ মাহমুদুল হক বিডিনিউজের কাছে ঘটনার সত্যতা স্বীকার করলেও লাশ ফেরত না দেওয়া পর্যন্ত মৃতের সংখ্যা বলতে অস্বীকৃতি জানান।
তবে তিনি বলেন, আখাউড়া কোম্পানি কমাণ্ডার এ ব্যাপারে বিএসএফ’র সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
বিডিআর লাশ ফেরত চেয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র নিকট চিঠি পাঠিয়েছে। তবে রাত ৮টা পর্যন্ত বিএসএফ কোনো জবাব দেয়নি।
এলাকাবাসী জানায়, সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী হিরাপুর গ্রামের মোজাম্মেলকে সীমান্তের সবচেয়ে কুখ্যাত সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে।
কিছুদিন আগে আখাউড়ার হিরাপুর সীমান্তে বিডিআর-বিএসএফ’র এর মধ্যে গোলাগুলির ঘটনায় বিএসএফ’র একজন কমাণ্ডার নিহত হওয়ার পর থেকে সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়।
