১৭ আগষ্ট বিস্ফোরণের ঘটনায় আরও ৯ জন গ্রেফতার
১৭ আগস্ট দেশব্যাপী বোমা বিস্ফোরণে জড়িত সন্দেহে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থান থেকে আরও নয়জনকে গ্রেপ্তার করেছে।
এরমধ্যে জামা’তুল মজাহিদিনের দুইজন, দুই মহিলা ও একজন বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক রয়েছে।
সন্দেহভাজনদের গ্রেপ্তারের পাশাপাশি নিরপত্তা বাহিনীর সদস্যরা রাজধানীর দু’টি স্থানে তল্লাশী চালিয়ে বিপুল পরিমান গোলাবারুদ, বোমা তৈরীর সরঞ্জাম, জামাআ’তুল মুজাহিদীনের বিতরনকৃত লিফলেট ও অন্যান্য কাগজপত্র উদ্ধার করে।
সূত্র জানায়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা বাসাবোর ১০২/১, পাটোয়ারী লেনের একটি বাড়ি থেকে এক মহিলাসহ সন্দেহভাজন পাঁচ ব্যক্তিকে আটক করে। হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর এর ছেলে শামিমের স্বীকারোক্তি মোতাবেক তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হল-মোহাম্মদ নুর আজম, বেলাল হোসেন, জাকারিয়া, ইয়াসির এবং তার স্ত্রী আলেয়া ফেরদৌসি আয়েশা।
এদিকে র্যাব সূত্র জানিয়েছে, ১৭ আগস্ট বোমা হামলার সাথে জামা’আতুলের যে লিফলেট বিতরণ করা হয়, তার খসড়া , বোমা তৈরীতে ব্যবহারযোগ্য সাতশ’ ক্যাপাসিটর একটি বন্দুকসহ বেশকিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর ৩৬০/এ দক্ষিণ গোড়ান থেকে এক তরুনীসহ দুই ব্যক্তিকে আটক করেছে। এরা হল-আব্দুস সাত্তারের স্ত্রী শামিম আক্তার এবং তার গৃহপরিচারক লোকমান।
সিলেটে গ্রেফতার হয় বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইদ্রিস মিয়া (৪০)।
এছাড়া সাতক্ষিরায় গ্রেফতার হয়েছে জেএমবি নেতা ফখরুদ্দিনের ভাগ্নে গোলাম আজম।
