মানিকগঞ্জে যুবদল সাধারণ সম্পাদক ও চাঁদপুরে ব্যবসায়িসহ ৩ জন নিহত
মানিকগঞ্জ ও চাঁদপুরে বৃহস্পতিবার দুটি পৃথক ঘটনায় সন্ত্রাসীর হাতে তিনজন নিহত হয়েছে। নিহতরা হচ্ছে মানিকগঞ্জ যুবদলের জেলা কমিটির সাধারণ সম্পাদক খোরশেদ আলম রানা (৩৬) ও বিএনপি কর্মী দুলু (২৫) এবং চাঁদপুরে কবুতর ব্যবসায়ি আবুল বাশার (৩০)।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে শহরের ব্যস্ততম সড়ক বুধবাজার এলাকায় যুবদলের জেলা কমিটির সাধারণ সম্পাদক খোরশেদ আলম রাণা নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে ছিল। এসময় রাণাকে লক্ষ্য করে সন্ত্রাসী শাহীন ৫/৬ রাউন্ড গুলি ছোড়লে সবগুলো গুলি রাণার শরীরের বিদ্ধ হয়। এলাকাবাসী শাহীনকে ধাওয়া দিলে শাহীন গুলি ছোঁড়তে ছোঁড়তে পালাতে থাকে। মেটার্নিটি হাসপাতালের সামনে দাড়িয়ে থাকা দুলু শাহীনের ছোঁড়া গুলিতে নিহত হয়। অন্যদিকে গুরুতর আহত রাণাকে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে এবং পরে ঢাকায় পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে রানা মারা যায়। অন্যদিকে জনতা পরে শাহীনকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে।
চাঁদপুর প্রতিনিধি জানান, কচুয়া উপজেলায় একজন আওয়ামী লীগ নেতার ওষুধের দোকানে তালা মারা ঘটনার সাক্ষী দেওয়ায় কবুতর ব্যবসায়ি আবুল বাশারকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের ভাই আবু জাফর ও বোন খুরশিদা জানান, বুধবার রাত ১২ টার দিকে পাশ্ববর্তী বাড়ির মুজিব মওলানা আবুল বাশারকে ডেকে নিয়ে যায়। কারণ জানতে চাইলে মজিব মওলানা জানিয়েছিল, একটু কাজ আছে। সকালে মারাত্মক আহত অবস্থায় আবুল বাশারকে উদ্ধার করা হয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ৭/৮ দিন আগে সেলিম ডাক্তারের দোকানে কিছু সন্ত্রাসীর তালা লাগিয়ে দেওয়ার ঘটনায় সালিশ বসে। এতে আবুল বাশার সাক্ষ্য দিয়েছিল। এতে ক্ষুব্ধ হয়ে সন্ত্রাসীরা তাকে হত্যা করে।
