বিদেশি কারাগারে ৫,৮৭১ বাংলাদেশী বন্দি রয়েছে
বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে ৫,৮৭১ জন বাংলাদেশী আটক রয়েছে। পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান বৃহস্পতিবার জাতীয় সংসদে এ তথ্য জানান।
বিএনপি সাংসদ মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদারের এক প্রশ্নের জবাবে মোর্শেদ খান আরো জানান, বন্দিদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে সৌদি আরবে ৩,৮২৯ জন। পরবর্তী অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত যেখানে ৭৯৩ জন বাংলাদেশী আটক রয়েছে।
এছাড়া মালয়েশিয়ায় ৫২৩ জন, সিঙ্গাপুরে ২৮৮ জন, ওমানে ২৩২ জন কাতারে ৯৭ জন, বাহরাইনে ৬৫ জন লিবিয়ায় ২৩ জন ও ইরানে ২১ জন বাংলাদেশী বন্দি রয়েছে।
মন্ত্রী জানান সংশ্লিষ্ট দেশগুলোতে বাংলাদেশের দূতাবাস বিভিন্ন মানবাধিকার গ্রুপ ও এনজিও’র সহযোগিতায় এসব বন্দিদের মুক্ত করার চেষ্টা চলছে।
তিনি জানান, গত তিন বছরে ইরান থেকে মোট ২০০ জন বাংলাদেশীকে মুক্ত করা হয়েছে।
তবে ছাড়া পেলেও এদের অনেকেই দেশে ফিরতে নারাজ বলে জানান মন্ত্রী।
মন্ত্রী জানান, ওই সমস্ত দেশে বাংলাদেশী মিশনসমূহের কনসুলাররা নিয়মিত বন্দিদের অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন।
