মওলানা মাসউদের সহযোগী সাইদকে দ্বিতীয় দফায় আরও ৪ দিনের রিমান্ডে
গত ১৭ আগস্টের বোমা বিস্ফোরণে জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত মওলানা ফরিদউদ্দিন মাসউদের সহযোগী এবং ইসলাহুল মুসলেমীনের হিসাব সমন্বয়কারী ও হিসাব কর্মকর্তা সাইদ নিজামীকে (৩৬) দ্বিতীয় দফায় আরও ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
৫ দিনের পুলিশী রিমান্ড শেষে বৃহস্পতিবার ঢাকা মূখ্য মহানগর হাকিমের আদালতে সাইদ নিজামীকে হাজির করে আবার রিমান্ডের আবেদন করা হলে হাকিম জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে পাঠানো পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে, ইসলাহুল মুসলেমীনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১৭ আগস্টের বোমা বিস্ফোরণের ঘটনার আগে অস্বাভাবিক পরিমান টাকা তোলা হয়েছে। এই অস্বাভাবিক লেনদেন ও টাকা প্রাপ্তির উৎসগুলোর সুনির্দিষ্ট নাম ঠিকানা উদ্ধারের জন্যে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
সাইদ নিজামীর বাড়ি কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার ইচাপশর গ্রামে। সে ঢাকায় রামপুরার ৪১ পূর্ব হাজীপাড়ায় বাস করতো।
মওলানা মাসউদের অপর সহযোগী ও যৌথ ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার ইশরাত সিরাজীকে দুই দফায় ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
