সংসদের অধিবেশন চলাকালে নগরীর বিভিন্ন এলাকায় সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা
অষ্টম জাতীয় সংসদের ১৮তম অধিবেশন বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। অধিবেশনে অংশগ্রহণকারীদের চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার নির্দিষ্ট কয়েকটি এলাকায় সকল প্রকার অস্ত্রশস্ত্র, বিস্ফোরক এবং অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন ছাড়াও যেকোনও ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাত ১২টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।
নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকাগুলো হচ্ছে: ময়মনসিংহ রোডের মহাখালি ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলা মটর ক্রসিং, বাংলা মটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা, পান্থপথের পূর্বপ্রান্ত থেকে গ্রীন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট, মিরপুর রোডের শ্যামলী সিনেমা হল থেকে ধানমণ্ডি-১৬ (পুরাতন-২৭) নং সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্বপ্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা ও সীমানার মধ্যে অবস্থিত সব রাস্তা ও গলি।
জাতীয় সংসদের ১৮তম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
