২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক সম্মেলন সামনে রেখে সকল সদস্য রাষ্ট্রের সন্ত্রাসীদের তালিকা তৈরি করা হচ্ছে

ঢাকায় ১২ ও ১৩ নভেম্বর অনুষ্ঠেয় ১৩তম সার্ক শীর্ষ সম্মেলনের নিরাপত্তার স্বার্থে দেশে সন্ত্রাসীদের একাধিক তালিকা তৈরি করছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2005, 08:55 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

সংশ্লিষ্ট সূত্র জানায়, এছাড়াও অন্যান্য সার্ক নেতাদের জন্যে হুমকি হতে পারে এমন সন্ত্রাসীদের তালিকা স্ব-স্ব রাষ্ট্র কর্তৃপক্ষের কাছে চেয়ে পাঠিয়েছে বাংলাদেশ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার অনুষ্ঠিত সার্ক নিরাপত্তা সংক্রান্ত নবম বৈঠকে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক সূত্র জানায়, সরকার ঢাকায় অবস্থানরত চরমপন্থী ও উগ্রবাদী সন্ত্রাসী নেতাদের ওপর কড়া নজর রাখার ব্যাপারে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে।

সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি সম্মন্ন করা হয়েছে এবং সরকার এ ব্যাপারে সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় এখন প্রস্তুত।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সভায় সার্ক সম্মেলন অনুষ্ঠানের লক্ষ্যে গত ফেব্রুয়ারিতে যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল তা পর্যালোচনা করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারীদের পুনরায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যাপারে আদেশ দেওয়া হয়েছে।

বৈঠকে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সফররাজ হোসেন, মহা পুলিশ পরিদর্শক (আইজিপি) আব্দুল কাইয়ুম, র‌্যাবের মহাপরিচালক এবং বিডিআর, আনসার, কোস্টগার্ড ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র জানায়, সরকার সন্ত্রাসী, চরমপন্থী ও জঙ্গিদের তালিকা সংগ্রহ করছে। পুলিশ, র‌্যাব ও অন্যান্য সংস্থা এ তালিকা সরবরাহ করছে।

সার্কভুক্ত দেশের নেতাদের জন্য হুমকি হতে পারে এমন সন্ত্রাসীদের তালিকা পাঠানোর জন্যে সরকার অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়েছে বলেও সূত্র নিশ্চিত করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা বিডিনিউজকে জানান, সার্ক সম্মেলনের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন সন্ত্রাসীদের তালিকা তৈরি করা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ভারত ও অন্যান্য প্রতিবেশী দেশগুলোতে আত্মগোপন করে থাকা শীর্ষ সন্ত্রাসীদের ব্যাপারেও কড়া নজর রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে সরকারের আইন শৃঙ্খলা রক্ষকারী সংস্থাগুলো রাজধানীর বিভিন্ন হোটেল, গেস্ট হাইজ ও বস্তিতে অভিযান চালাচ্ছে। মহাসড়ক, নৌপথ ও সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া সার্ক সম্মেলনের সময় রাজধানীকে যানজট মুক্ত রাখার ব্যাপারেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বৈঠকে আহ্বান জানানো হয়।