রিক্শা চুরি রোধে পদক্ষেপ নিতে হবে: সরকারের প্রতি রিক্শা-ভ্যান চালক-মালিক ঐক্য পরিষদ
বাংলাদেশ রিক্শা-ভ্যান চালক-মালিক ঐক্য পরিষদ ৩০ সেপ্টেম্বরে মধ্যে নগরীর রিক্শা চোর চক্র এবং তাদের গডফাদারদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বুধবার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
এ ব্যাপারে সহযোগিতার জন্যে পরিষদ নেতৃবৃন্দ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি), র্যাব’র মহাপরিচালক এবং ঢাকা মহানগর উপ পুলিশ কমিশনারের কাছে লিখিতভাবে আবেদন করেছেন।
আবেদনে তারা বলেন, সরকার যদি ৩০ সেপ্টেম্বরের মধ্যে নগরীর রিক্শা চোর ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেয়, তবে তারা বাংলাদেশ রিক্সা-ভ্যান চালক-মালিক সংগ্রাম পরিষদের ডাকা ১ ও ২ অক্টোবরের ধর্মঘটকে সমর্থন করবে।
বাংলাদেশ রিক্সা-ভ্যান চালক-মালিক ঐক্য পরিষদের আহ্বায়ক ফজলুর রহমান স্বাক্ষরিত ওই আবেদনে বলা হয়, ঢাকার রিক্সা-ভ্যানের মালিকরা হাজার হাজার রিক্সা চোর এবং তাদের গডফাদারদের কাছে জিম্মি।
এতে আরও বলা হয়, রিক্শা চোররা প্রতিদিন এক হাজার রিক্শা চুরি করে থাকে, যার মূল্য কয়েক লাখ টাকা।
ঢাকা নগরীতে মোট ৭৯,৬১৬টি বৈধ রিক্শা থাকলেও নগরীতে প্রতিদিন প্রায় ছয় লাখ রিক্শা চলাচল করে বলে আবেদনে উল্লেখ করা হয়।
