২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটক মামলার সাক্ষ্য গ্রহণ

চট্টগ্রামের বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র আটক মামলার দুইজন সাক্ষীর সাক্ষ্য বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে গ্রহণ করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2005, 06:05 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিএমপির কর্ণফুলি থানাধীন চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কারখানার জেটিতে খালাসের সময় ১০ ট্রাক অস্ত্র আটক করা হয়।

বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ একেএম আনোয়ার হোসেনের আদালতে তৎকালীন কর্ণফুলি থানা এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট মিজানুর রহমান ও একই থানার টহল দায়িত্বে থাকা এসআই সুনীল কুমার সেনের এর সাক্ষ্য গ্রহণ করা হয়।

প্রদত্ত সাক্ষ্যতে সার্জেন্ট মিজানুর রহমান ও এসআই সুনীল কুমার সেন বলেছেন, ২০০১ সালের এপ্রিল রাতে কর্তব্যরত অবস্থায় কর্ণফুলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওয়্যারলেস ম্যাসেজ পেয়ে সিইইউএফএল জেটিতে যায়। সেখানে গিয়ে সিএমপির উর্দ্ধতন কর্মকর্তাদের নেতৃত্বে অস্ত্র ভর্তি ১০ টি ট্রাক আটকে অংশ গ্রহণ করেন।

আসামী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট এহসানুল হক হেনা , অ্যাডভোকেট রানা দাশগুপ্ত ও অ্যাডভোকেট রণাঙ্গন বিকাশ এই দুই সাক্ষীকে জেরা করেন।

আদালত আগামী ৫ অক্টোবর অস্ত্র মামলার সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ ঘোষনা করেছে।

বুধবারের দুইজন সাক্ষীসহ ১০ ট্রাক অস্ত্র মামলার মোট ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এর আগে এই মামলার বাদী তৎকালিন কর্ণফুলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনেসপেক্টর আহাদুর রহমান, কনষ্টেবল গোলাম রসুল ও একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় পান দোকানদার নুরুল আলমের সাক্ষ্য গ্রহণ করা হয়। কিন্তু আদালতে অসংলগ্ন বক্তব্যের জন্য সাক্ষী নুরুল আলমকে বৈরি ঘোষণা করেছিলো বিচারক।

২০০৪ সালের ২৫ আগস্ট সিআইডি পুলিশ মোট ৪৩ জনকে আসামী করে ও ৭১ জনকে সাক্ষী করে আদালতে ১০ ট্রাক অস্ত্র মামলার চার্জশীট পেশ করেছিল।