২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানব উন্নয়নে বাংলাদেশের অগ্রযাত্রা আশাব্যাঞ্জক, তবে বিশ্বে অবস্থান ১৩৯তম : ইউএনডিপি

মানব উন্নয়নে বাংলাদেশের অগ্রযাত্রা আশাব্যাঞ্জক। তবে এ ক্ষেত্রে বিশ্বের ১৭৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৯তম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2005, 08:20 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

জাতিসংঘের উন্নয়ন বিষয়ক কর্মসূচি (ইউএনডিপি) কর্তৃক বুধবার প্রকাশিত ‘মানব উন্নয়ন প্রতিবেদন-২০০৫’ শীর্ষক আন্তর্জাতিক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভিয়েতনাম ও বাংলাদেশ উভয়েই শিশু মৃত্যূর হার হৃাস করার ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছে।

এতে বলা হয়, মানব সম্পদ উন্নয়নের সূচকে বাংলাদেশের অবস্থান সার্ক দেশগুলোর মধ্যে সবার নীচে। এক্ষেত্রে শ্রীলংকা ৯৩তম, মালদ্বীপ ৯৬তম, ভারত ১২৭তম, ভূটান ১৩৪তম, পাকিস্তান ১৩৫তম এবং নেপাল ১৩৬ তম অবস্থানে রয়েছে।

এ বিষয়ে বাংলাদেশে ইউএনডিপির ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি ল্যারি মারামিস সাংবাদিকদের বলেন, বাংলাদেশ যদি মানব উন্নয়ন সূচকে তার অবস্থান টিকিয়ে রাখতে চায়, তাহলে এদেশের সব রাজনৈতিক দলকে একসাথে মিলে ব্যক্তি নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, গত এক দশক ধরে বাংলাদেশ মানব উন্নয়নে যে ভূমিকা রেখে চলেছে, তা ‘মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল’ (এমডিজি) অর্জনে অন্য দেশগুলোকে অনুপ্রেরণা জোগাবে।

ইউএনডিপির প্রতিবেদনে বলা হয়, উন্নয়নের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য ‘মানব উন্নয়নের’ গতিকে তরান্বিত করবে। বৈদেশিক সাহায্য বাংলাদেশের স্কুলগুলোতে খাদ্য কর্মসূচির ক্ষেত্রে একটি বড় ভূমিকা রেখেছে। এই কর্মসূচি বিশেষ করে দরিদ্র পরিবারের মেয়ে শিশুদের স্কুলে পাঠাতে উৎসাহী করেছে। কর্মসূচিটি বাস্তবায়নের স্বার্থে বাংলাদেশে এখন ২০ লাখ মেয়ে শিশু শিক্ষার সুযোগ পাচ্ছে। এটি নারীর ক্ষতায়নের প্রক্রিয়াকে গতিশীল করবে।

এতে দরিদ্র দেশগুলোকে চরম দরিদ্র অবস্থা থেকে উত্তরণের ক্ষেত্রে বৈদেশিক সাহায্য, বাণিজ্য এবং নিরাপত্তা-এই তিনটি বিষয়ের যোগসূত্র নিয়ে আলোচনা করা হয়।

এতে বলা হয়, সবচেয়ে দরিদ্র দেশগুলোর ওপর আরোপ করা হয়েছে সবচেয়ে বেশী বাণিজ্যিক বিধি নিষেধ। অথচ ধনী দেশগুলো ‘বিশ্ব বাণিজ্য সংস্থায়’ তাদের দেওয়া অঙ্গীকার পালনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

প্রতিবেদনে আন্তর্জাতিক সাহায্য, বৈদেশিক সাহায্য, বাণিজ্য ও নিরাপত্তা-এই তিনটি ক্ষেত্র সমন্বিত করা প্রয়োজন বলে মন্তব্য করা হয়।