বৃষ্টি সত্ত্বেও রাজধানীর ভূগর্ভস্থ পানির স্তর অপরিবর্তিত
রাজধানী ঢাকায় ভারি বৃষ্টিপাত হলেও ভূগর্ভস্থ পানির স্তরের কোন পরিবর্তন হয়নি। বিশেষজ্ঞরা জানান, ঢাকায় ভূগর্ভস্থ পানির স্তর ৫৭ মিটারে (২৮৭ ফুট) নেমে গেছে, এক বছর আগে যা ছিল ৫০ দশমিক ৪০ মিটার।
বিশেষজ্ঞারা এ অবস্থার জন্য পর্যাপ্ত সবুজ ভূমি এবং প্রাকৃতিক পানির আধারের অভাবকেই দায়ী করেন।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ডেপলপমেন্ট অফ মাইনর ইরিগেশন প্রকল্পের সার্ভে এন্ড মনিটরিং বিভাগের প্রধান ভূতত্ত্ববিদ খন্দকার ফজল হোসেন বুধবার বিডিনিউজকে জানান, রাজধানীর ৮০ শতাংশ এলাকা পাকা কাঠামোর আবরণে ঢাকা পড়ে যাওয়ায় বৃষ্টির পানি ভূগর্ভস্থ পানির স্তরের শুণ্যতা পূরণ করতে পারছেনা।
তিনি জানান, এই অবস্থা মোকাবেলায় দ্রুত পদক্ষেপ গ্রহন না করলে রাজধানী ঢাকা ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্প এবং মারাত্মক পানির সংকটে পড়বে। শেরে বাংলা নগরস্থ সেচ ভবনে নতুন স্থাপিত স্বয়ংক্রিয় রেকর্ডারের সাহায্যে এখন ভূগর্ভস্থ পানির স্তর মাপা হচ্ছে।
ভূতত্ত্ববিদ ফজল হোসেন অবশ্য ঢাকার উপকন্ঠে সাভার, ধামরাই এবং গাজীপুরের চিত্র ভিন্ন বলে জানিয়েছেন। বিএডিসি’র পরিসংখ্যান মতে, সাভার, ধামরাই এবং গাজীপুরে ভূগর্ভস্থ পানির স্তর যথাক্রমে ৬ দশমিক ৭২, ৮ দশমিক ০২ এবং ১৭ দশমিক ৪১ মিটার, যা গত বছর আগস্ট মাসে ছিল যথাক্রমে ৮ দশমিক ৭৭, ১১ দশমিক ২২ এবং ১৭ দশমিক ৭২ মিটার।
সারাদেশে ১০৮টি উপজেলায় স্থাপিত ১০৯টি স্বয়ংক্রিয় রেকর্ডারের সাহায্যে ভূগর্ভস্থ পানির স্তর মাপা হয়।
বিএডিসি’র সার্ভেতে বলা হয়েছে, দেশের সেচকাজে ব্যবহৃত পানির ৬৮ শতাংশই আসে ভূগর্ভ থেকে। গড়ে তিন মিলিয়ন হেক্টর চাষযোগ্য জমিতে ভূগর্ভস্থ পানি ব্যবহার করা হয়।
