ধর্ষকের বিচারের দাবিতে কুষ্টিয়ায় ছাত্রছাত্রী ও এলাকাবাসীর বিক্ষোভ ও স্মারকলিপি পেশ
কুষ্টিয়ায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ছাত্রছাত্রী ও এলাকাবাসী ধর্ষকের বিচারের দাবিতে বুধবার বিক্ষোভ প্রদর্শন ও জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গত ৩ সেপ্টেম্বর দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার জগতি কেএসএম কলেজিয়েট স্কুলের ১০ম শ্রেণীর এক ছাত্রী টিফিন পিরিয়ডে বাড়িতে যাওয়ার পথে ধর্ষিত হয়।
ঝালুপাড়া গ্রামের মোজাহার মণ্ডলের ছেলে আলিউল তার পথরোধ করে এবং অস্ত্রের মুখে আখ ক্ষেতে নিয়ে তাকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এলাকাবাসী টের পেয়ে ঘটনাস্থলে আসলে আলিউল পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্কুল ছাত্রীকে হাসপাতালে নেয়া হয়। এ ঘটনার পর থেকেই ধর্ষক আলিউল পলাতক রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ আসামীকে গ্রেফতার করতে পারেনি।
বুধবার ধর্ষকের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ডিসি কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। পরে ধর্ষকের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করা হয়।
