১০৯ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম ওয়াসার মদুনাঘাট পানি সরবরাহ প্রকল্প অনুমোদন
দীর্ঘ ছয় বছর প্রতীক্ষার পর চট্টগ্রাম ওয়াসার অধিনে মদুনাঘাট পানি সরবরাহ প্রকল্প সোমবার ক্রয়সংক্রান্ত মন্ত্রী পরিষদ কমিটির অনুমোদন পেয়েছে। এতে ইতালীয় কনসালট্যান্ট প্রতিষ্ঠান টারমো মেরিক ইকোলোজিয়া স্পা’র (টিএমই) দাবি অনুযায়ী মূল বরাদ্দের তুলনায় ১৫ দশমিক ৬ শতাংশ বর্ধিত বরাদ্দের প্রস্তাবও অনুমোদন করা হয়।
এ অনুমোদনের ফলে প্রকল্পটি বাস্তবায়নে আশার আলো দেখা দিয়েছে।
চট্টগ্রাম ওয়াসার একজন উর্ধ্বতন প্রকৌশলী সোমবার বিডিনিউজকে জানান, এ অনুমোদনের ফলে প্রকল্পটি বাস্তবায়নে সকল বাধা দূর হলো। প্রকল্প বাস্তবায়নে চুক্তি স্বাক্ষরের জন্য ইতালীয় সরকারের একটি প্রতিনিধি দল আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশে আসবে বলে আশা করা হচ্ছে।
সূত্রটি আরও জানান, চুক্তি স্বাক্ষরের পর সকল আনুষ্ঠানিকতা শেষ হলেই প্রকল্পের নকশা প্রণয়নের কাজ শুরু হবে। আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যেই প্রকল্পের কাজ শুরু হবে।
এর আগে কনসালট্যান্ট প্রতিষ্ঠানের দাবি অনুযায়ী বর্ধিত ব্যয়ে প্রকল্পটি ওয়াসা বোর্ডে অনুমোদন লাভ করে। পরে এটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়। সেখানে অনুমোদনের পর প্রকল্পটি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের অপেক্ষায় ঝুলে থাকে।
চট্টগ্রামের মহানগরী পানি সমস্যার সমাধানে ১৯৯৯ সালে ৮৮ কোটি টাকা ব্যয়ে পানি সরবরাহ প্রকল্পটি প্রণয়ন করে। এর বর্ধিত ব্যয় ইতালি ও বাংলাদেশের আর্থিক সহায়তায় মেটানো হবে। তবে কনসালট্যান্ট প্রতিষ্ঠানের ১৫ দশমিক ৬ শতাংশ বর্ধিত ব্যয় বরাদ্দের দাবির কারণে বর্তমানে প্রকল্পটির ব্যয় বেড়ে প্রায় ১০৯ কোটি টাকায় দাঁড়িয়েছে।
প্রকল্পটি ১৯৯৯ সালের ৭ এপ্রিল অনুমোদন হয়। তবে দরপত্র আহ্বান, কনসালট্যান্ট নিয়োগ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরাদ্দ পেতেই দুবছর পেরিয়ে যায়। চুড়ান্তভাবে এবার প্রকল্পটি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন লাভ করলো।
দরপত্রের প্রক্রিয়া শেষে ২০০১ সালে ইতালীয় কোম্পানি টিএমই সর্বনিম্ন দরদাতা হিসেবে মনোনীত হয়। কিন্তু প্রকল্পটি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনসহ আনুষ্ঠানিকতা শেষ করতে দুবছরের বেশি সময় নেয়।
কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পে কাজ শুরু না হওয়ায় কনসালট্যান্ট প্রতিষ্ঠান বর্ধিত ব্যয় বরাদ্দ দাবি করাতে প্রকল্পটি অনিশ্চিত হয়ে পড়ে।
চট্টগ্রাম ওয়াসা বর্তমানে ৫০ কোটি লিটার পানির চাহিদার বিপরীতে মাত্র ১৭ কোটি লিটার পানি উৎপাদন করতে পারে।
