মাদারীপুরে পুনরায় পদ্মা ও আড়িয়াল খাঁর ভাঙ্গন, হাজার হাজার মানুষ গৃহহীন
আড়িয়াল খাঁ ও পদ্মার পানি হঠাৎ করে বৃদ্ধি পাওয়ায় পুনরায় ভাঙ্গন শুরু হয়েছে মাদারীপুর জেলার সদর ও শিবচর উপজেলায়।
এতে গৃহহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।
২৪ ঘন্টায় আড়িয়াল খাঁর নদী ভাঙ্গনে সদর উপজেলার পাঁচখেলা ইউনিয়নের কাজীরটেক এলাকার ২০টি বসত বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। কাজীর টেক ফেরী ঘাটটিও হুমকির মুখে হয়েছে। নদী ভাঙ্গনে শিবচর উপজেলার বিস্তৃত এলাকার জনপদ, ফসলাদিসহ ফসলী জমি, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।
খরস্রোতা পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গনে বাড়িঘর হরিয়ে গৃহহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। উপজেলার চরজমাজত , সন্নাসীর চর, মাদবর চর, কাঠাল বাড়ি, বন্দর খোলা, শিরুয়াইল সহ ১২টি ইউনিয়ন নদী ভাঙ্গনের কবলে পড়েছে।
ইতিপূর্বে একই কারণে এই ১২টি ইউনিয়নের ২৫ থেকে ৩০ ভাগ এলাকা বিলীন হয়েছিল। নদী ভাঙ্গনে বদলে গেছে উপজেলার মানচিত্র। আড়িয়ালখাঁ ও পদ্মার ভাঙ্গনে গত ২০ বছরে কমপক্ষে এক লাখ পরিবার গৃহহীন হয়েছে।
