২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্প বর্জ্য পরিশোধনে টেকসই দেশীয় প্রযুক্তি উদ্ভাবন

পরিবেশ দূষণকারী বিশেষ করে টেক্সটাইল ও ডাইং শিল্পের বর্জ্য পরিশোধনের জন্য বাংলাদেশ পরিবেশ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় একটি টেকসই প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2005, 10:10 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

এ পদ্ধতিতে ফেব্রিক্স ডাইং মিলের বর্জ্য আলাদা করার জন্য স্বল্প সংখ্যক যন্ত্রপাতি ব্যবহার করা হয়। তাই এটি বর্জ্য পরিশোধনের উচ্চ প্রযুক্তির তুলনায় অনেক

সস্তা ও পরিবেশ বান্ধব।

বাংলাদেশ পরিবেশ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এ পদ্ধতি ব্যবহার করে নরসিংদীর মাধবদীতে ইতোমধ্যেই এ ধরণের একটি প্লান্টের সফল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

শিল্পের বর্জ্যে মাধবদীর বিশাল এলাকার কৃষি ও মৎস্য খামারে প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয়, মানুষের স্বাস্থ্য সমস্যা দেখা দেয় এবং মানব সম্পদ উন্নয়নে তা হুমকিরূপে আবির্ভূত হয়।

মাধবদীতে ছোট ও মাঝারি ধরনের প্রায় ২০০টি টেক্সটাইল ও ডাইং মিল রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বেশিরভাগ শিল্প কারখানা থেকেই উৎকট গন্ধযুক্ত বর্জ্য ফেলা হচ্ছে পার্শ¦বর্তী পুকুর, ডোবা, খালে। এখান থেকে এসব বর্জ্য গিয়ে পড়ছে পার্শ¦বর্তী নদী ব্রহ্মপুত্র ও শীতলক্ষ্যায়।

বাংলাদেশ পরিবেশ ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক সৈয়দ এম ইকবাল আলী স্বল্প খরচের এ প্রযুক্তি ব্যাখ্যা করেন।

তিনি বলেন, এ পদ্ধতির মাধ্যমে ডাইং কেমিক্যালের বর্জ্য পুনরায় ব্যবহারের মাধ্যমে এর বর্জ্য এবং দূষণের মাত্রা কমিয়ে আনা হয়। এ পদ্ধতিতে বিভিন্ন স্তরে টেক্সটাইলের তরল বর্জ্যগুলো ফিল্টার করা হবে।

বাংলাদেশ পরিবেশ ব্যবস্থাপনা প্রকল্প সূত্র জানায়, বর্জ্যগুলো পুনরায় ব্যবহার করার মাধ্যমে নতুন করে যে কেমিক্যাল ব্যবহার করা হয়, তার শতকরা ৭৫ ভাগ সাশ্রয় করা সম্ভব হবে।

এরপর যে সামান্য বর্জ্য বের হবে, তাকে ইট, বালি ও সিমেন্টের তৈরি একটি ট্যাংকে নিয়ে যাওয়া হবে, যাতে তা বাইরের বাতাসে মিশতে না পারে।