মাদারীপুর, বরিশাল ও গোপালগঞ্জে জঙ্গিদের বিশাল নেটওয়ার্ক
মাদারীপুর, বরিশাল ও গোপালগঞ্জ জেলার দুর্গম এলাকায় জঙ্গিরা বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছে।
১৯৯৮ সাল থেকে এ নেটওয়ার্কের মাধ্যমে তাদের সাংগঠনিক তৎপরতা শুরু করে। কিন্তু ১৭ আগস্ট সারাদেশে বোমা বিস্ফোরণের পর এ অঞ্চলের পুলিশ এখন আর তাদের খুঁজে পাচ্ছে না।
বিগত কয়েক বছর ধরে এসব অঞ্চলে বোমা বিস্ফোরণ, জঙ্গি হামলা, ইসলামী জলসার নামে জঙ্গি প্রশিক্ষণ জঙ্গি নেটওয়ার্কের উগ্র কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ।
অনুসন্ধানে জানা যায়, এ অঞ্চলে ছয় জন আঞ্চলিক নেতা রয়েছে। এরা হলো মুফতি আব্দুল হান্নান, সোহরাব খান, আব্দুর রউফ, আলী আহাম্মদ, আলী আকবর ও জিয়াউল হক। এরা জঙ্গি সংগঠন হিজবুল তাওহীদ, হরকাতুল জিহাদ ও জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ দলের অন্যতম শীর্ষ নেতা। পুলিশ ও গোয়েন্দা সংস্থার কাছে এদের নাম রয়েছে। বর্তমানে গোয়েন্দা সংস্থার সদস্যরা মাদারীপুর অঞ্চলের তিন নেতাকে খুঁজে পাচ্ছে না। এ ছয় নেতার মধ্যে তিনজন আফগানিস্থানে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে। এদের প্রশিক্ষণে প্রশিক্ষিত শতাধিক উপনেতা রয়েছে এ অঞ্চলে। যারা বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে তাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
মুফতি আব্দুল হান্নান, আব্দুর রউফ, আলী আহম্মদ এবং সোহরাব খান মাদারীপুর সদর, কালকিনি, রাজৈর, বরিশালের গৌরনদী, উজিরপুর, বাবুগঞ্জ, আগৈলঝড়া, গোপালগঞ্জের কোটালীপাড়া ও মুকসুদপুর উপজেলার বিভিন্ন এলাকায় তাদের জঙ্গি নেটওয়ার্ক গড়ে তুলেছে।
উগ্র মৌলবাদী সংগঠনের জঙ্গিরা সাধারণ মানুষের সাথে মিশে তাদের সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি জঙ্গি প্রশিক্ষণও অব্যাহত রেখেছে।
