ঢাকা চিড়িয়াখানার ২টি শেড ড্রেনের পানিতে ডুবে গেছে
ঢাকা চিড়িয়াখানার দু’টি শেড পানিতে ডুবে গেছে। লেকের দক্ষিণ পাশের পানি উপচে শেড ডুবে যাওয়ায় সারস পাখিকে ভিন্ন শেডে স্থানান্তর করা হয়েছে। লেক প্লাবিত হওয়ার জন্যে চিড়িয়াখানা কর্তৃপক্ষ সিটি করপোরেশনকে দায়ী করেছে।
চিড়িয়াখানার কিউরেটর মফিজুর রহমান বিডিনিউজকে জানিয়েছেন, দক্ষিণ দিকের কয়েকটি হাউজিংয়ের ড্রেনের পানির কারণে শেড দু’টি ডুবে যাওয়ার পাশপাশি লেকের পানিও দূষিত হচ্ছে।
মফিজুর রহমান আরও জানান, ইতোমধ্যে ওই হাউজিংগুলোর ড্রেন বন্ধ করার জন্যে সিটি করপোরেশনকে চিঠি দেওয়া হয়েছে।
তিনি জানান, কয়েক দফা চিঠি দিয়েও হাউজিংগুলোর ড্রেন বন্ধ করা যায়নি। এ সপ্তাহে সরাসরি মেয়রকে চিঠি দেবেন মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সচিব।
এদিকে ড্রেনের ময়লা আবর্জনায় লেকের পানি দূষিত হয়ে সিলভার কার্পসহ বিভিন্ন মাছ মারা যাচ্ছে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, লেকের মাছ মরে যাওয়ায় সৌখিন মৎস্য শিকারীরা এখানে মাছ শিকারের উৎসাহ হারিয়ে ফেলছে।
এতে চিড়িয়াখানার রাজস্ব আয় কমে যাচ্ছে।
