সিরাজগঞ্জে ১৪ দলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ৪০
সিরাজগঞ্জে রোববার ১৪ দলের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জে ৪০ জন আহত হয়েছে। দেশব্যাপী আওয়ামী লীগসহ ১৪ দলের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে রোববার সকাল দশটায় পুলিশি বাধা ও লাঠিচার্জে পণ্ড হয়ে যায়। পুলিশের বেধড়ক লাঠিচার্জে আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীসহ অন্তত ৪০ জন আহত হয়।
সূত্র জানায়, শহরের এসএস রোডস্থ আওয়ামী লীগ কার্যালয় থেকে আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ--সংগঠন একটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।
এ সময় জাসদের অপর একটি মিছিল আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে মিলিত হয়ে উভয় দল সম্মিলিতভাবে মিছিলের চেষ্টা করে।
মিছিলটিকে ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে পুলিশ মিছিলকারীদের ওপর হামলা চালায়।
পুলিশের বেধড়ক লাঠিচার্জে আওয়ামী লীগ নেতা সাবেক সাংসদ আব্দুল লতিফ মির্জা, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ইউসুফ সূর্য্যসহ শ্রমিকলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের প্রায় ৪০ জন নেতাকর্মী আহত হয়।
এ ঘটনার পর থেকে শহরে চরম উত্তেজনা বিরাজ করছে এবং শহরের বিভিন্ন মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশী টহল চালু রয়েছে।
