নারায়ণগঞ্জে বিচারকাজ চলাকালে আইনজীবীর প্রতি আসামির জুতা নিক্ষেপ
নারায়ণগঞ্জে শনিবার আদালতে বিচারকাজ চলাকালে স্পেশাল পিপি বোরহানউদ্দিন সরকারের প্রতি জুতা ছুঁড়ে মেরেছে এসিড নিক্ষেপ মামলার আসামি রাসেল (২০)।
নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতে এ ঘটনা ঘটে। ঘটনার পর রাসেলের আইনজীবী অ্যাভোকেট মনিরউদ্দিন তার ওকালতনামা প্রত্যাহার করে নিয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, রূপগঞ্জের হাটাবো গ্রামের রাসেল একই গ্রামের স্কুল ছাত্রী নার্গিসের ওপর ২০০১ সালের ১১ জুন এসিড নিক্ষেপ করে। এ ঘটনায় মামলা দায়ের করা হলে তিনদিন পর রাসেল গ্রেপ্তার হয়। রাসেল দীর্ঘদিন জামিন লাভের চেষ্টা করে ব্যর্থ হয়।
রাসেল অভিযোগ করে, স্পেশাল পিপি তাকে জামিন দেওয়ার কথা বলে ২০ হাজার টাকা দাবি করলে ১০ হাজার টাকা পরিশোধ করা হয়। বাকি টাকা না দেওয়ায় শনিবার স্পেশাল পিপি মামলার সাক্ষীদের হাজির না করায় ক্ষুব্ধ হয়ে রাসেল একাজ করেছে। তবে স্পেশাল পিপি বোরহানউদ্দিন সরকার রাসেলের অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটি সত্য নয়।
