অবকাশকালীন দেওয়ানি আদালত গঠনে হাইকোর্টের রুল নিশি
প্রতিবছর ডিসেম্বর মাসে দেওয়ানি আদালতের অবকাশকালীন ছুটিতে জরুরি দেওয়ানি মামলা পরিচালনার জন্য কেন অবকাশকালীন আদালত গঠনের নির্দেশ দেওয়া হবে না তা জানিয়ে হাইকোর্ট শনিবার একটি কারণ দর্শানোর আদেশ জারি করেছে।
মামলায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে বিবাদি করা হয়। বিবাদিদের তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাণ্ড পিস ফর বাংলাদেশ’র (এইচআরপিবি) পক্ষে দায়ের করা একটি রিট আবেদনের ভিত্তিতে আদালত এ ব্যাপারে রুল নিশি জারি করে।
বিচারপতি মো. আব্দুর রশিদ ও বিচারপতি মো. ফজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ এ রুল নিশি জারি করে।
এইচআরপিবি সভাপতি অ্যাড. মনজিল মোরসেদ তার আবেদনে বলেন, জরুরি ফৌজদারি মামলা পরিচালনার জন্য অবকাশকালীন আদালত গঠন করা হয়। কিন্তু দেওয়ানি আদালতের অবকাশকালীন ছুটিতে দেওয়ানি সংক্রান্ত যেকোনও জরুরি বিষয় শুনানির জন্য কোনও অবকাশকালীন আদালত গঠন করা হয় না। এ কারণে নাগরিকরা বিচার পাওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
আদালতে এ রিট আবেদনের শুনানি পরিচালনা করেন অ্যাড. মনজিল মোরসেদ। তাকে সহায়তা করেন অ্যাড. আসাদুজ্জামান সিদ্দিকী, অ্যাড. একলাছ উদ্দিন ভূইয়া ও অ্যাড. মো. সারওয়ার আহাদ চৌধুরী।
