র্যাবের সঙ্গে ক্রসফায়ারে জনযুদ্ধের শীর্ষ ক্যাডার নিহত
চুয়াডাঙ্গায় র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)-৬ এর সাথে ক্রসফায়ারে শুক্রবার গভীর রাতে নিহত হয়েছে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল জনযুদ্ধ) শীর্ষ ক্যাডার মেরাজ ওরফে কসাই মেরাজ (২৫)।
রাত ১২টায় সদর উপজেলার পীরপুর গ্রামের তিন রাস্তার মোড়ে চরমপন্থীদের সাথে বন্দুকযুদ্ধ চলাকালে সে নিহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি শর্ট গান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
র্যাব সূত্র জানায়, নিহত মেরাজ পীরপুর গ্রামের ইউসুফ মল্লিকের ছেলে এবং সম্প্রতি ক্রসফায়ারে নিহত জনযুদ্ধের আঞ্চলিক নেতা সোহেল রানা বিদ্যুতের সেকেন্ড ইন কমান্ড। তার বিরুদ্ধে থানায় ৬টি হত্যা মামলা মামলা রয়েছে।
সূত্র আরও জানায়, বৃহস্পতিবার মেরাজকে গ্রেফতারের পর সে র্যাবের কাছে তার অপরাধ কর্মকান্ডের বিভিন্ন তথ্য প্রকাশ করে। মেরাজের দেওয়া তথ্য অনুযায়ি তার অস্ত্র ভান্ডার উদ্ধার ও সহযোগীদের গ্রেফতার করতে র্যাব-৬ রাত ১২টার দিকে পীরপুর গ্রামের তিন রাস্তার মোড়ে অভিযানে আসলে ওৎ পেতে থাকা তার সহযোগীরা র্যাবের ওপর আক্রমন চালায়। এসময় র্যাবও সন্ত্রাসীদের ওপর পাল্টা গুলি চালায়। দু’পক্ষের মধ্যে ১৫ মিনিটি স্থায়ী পাল্টা-পাল্টি গুলিবর্ষণের সময় ক্রসফায়ারে পড়ে সন্ত্রাসী মেরাজ নিহত হয়। এক পর্যায়ে হামলাকারিরা পালিয়ে যায়।
শনিবার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে ময়না তদন্ত শেষ করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
