বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে ৭৫০০ রাউণ্ড গুলিসহ ২০টি একে-৪৭ রাইফেল উদ্ধার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে বৃহস্পতিবার গভীর রাতে বিডিআর সদস্যরা সাত হাজার পাঁচশ’ রাউণ্ড গুলিসহ ২০টি একে- ৪৭ রাইফেল উদ্ধার করেছে।
বান্দরবান সেনা রিজিয়নের একজন মুখপাত্র জানান, এ নিয়ে গত এক সপ্তাহে বাংলাদেশ--মায়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার লেম্বুছড়ি এলাকা থেকে ৬৭টি অত্যাধুনিক মারণাস্ত্র এবং বিভিন্ন অস্ত্রে ব্যবহারযোগ্য প্রায় ৩০ হাজার রাউণ্ড বুলেট উদ্ধার করা হল।
বৃহস্পতিবারের উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ২০টি একে--৪৭ রাইফেল, জার্মানির তৈরি ৩২টি পিস্তল, ব্রিটেনে নির্মিত একটি ভারি মেশিনগান ও একটি সাব মেশিন কার্বাইন (এসএমসি) রয়েছে।
বিডিআর সূত্র জানায়, নাইক্ষ্যংছড়ি জোনের কমাণ্ডিং অফিসার লেফটেনেন্ট কর্ণেল আবদুল আউয়াল বীর প্রতীকের নেতৃত্বে বৃহস্পতিবার রাত থেকে এ অভিযান শুরু হয়।
সেনাবাহিনীর মাইন ডিটেক্টর ইউনিটের মাধ্যমে মেটাল ডিটেক্টার ব্যবহার করে মাটির নিচ থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
এ অভিযানে একে-৪৭ রাইফেলের ৪০টি ম্যাগজিন, এলএমজি’র ছয়টি ম্যাগাজিন এবং কন্টেনার ভর্তি আর্মস ওয়াশিং অয়েল উদ্ধার করা হয়েছে।
