টেকনাফ সীমান্ত দিয়ে আমদানি নিষিদ্ধ ‘ইয়াবা’ ট্যাবলেট অবাধে বাংলাদেশে আসছে
কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে আমদানি নিষিদ্ধ মায়ানমারের নিুমানের যৌন উত্তেজক ট্যাবলেট ‘ইয়াবা’ অবাধে বাংলাদেশে প্রবেশ করছে।
টেকনাফের প্রায় অর্ধশত ছোট বড় চোরাচালানি এ ব্যবসার সাথে জড়িত। বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থাসমূহ ইয়াবা’র মতো মরণ ট্যাবলেটসহ বিভিন্ন আমদানি নিষিদ্ধ পণ্য চোরাচালান প্রতিরোধে টেকনাফের চোরাচালান সিন্ডিকেটের ৪৮ ব্যক্তিকে খুঁজছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।
বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে প্রকাশ, দীর্ঘদিন ধরে কয়েকটি সিন্ডিকেট চোরাচালানের মাধ্যমে মায়ানমার থেকে নিুমানের আমদানি নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেট ‘ইয়াবা’ বাংলাদেশে নিয়ে আসছিল। এ ট্যাবলেট চড়াদামে দেশের বিভিন্ন ফার্মেসি ও ক্ষুদ্র চোরাচালানিদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিক্রি হচ্ছে।
জানা যায়, ভায়াগ্রার আদলে তৈরি এ ‘ইয়াবা’ ট্যাবলেট অত্যন্ত নিুমানের একটি ঔষধি পণ্য যা সাধারণ মানুষ অতি উৎসাহে চড়ামূল্যে ক্রয় করছে। এ সুযোগকে কাজে লাগিয়ে টেকনাফসহ জেলার বিভিন্ন চোরাচালানি সিন্ডিকেট অল্প দামে মায়ানমার থেকে এনে দেশের বিভিন্ন পয়েন্টে চড়া দামে বিক্রি করে।
সূত্র মতে--টেকনাফে অবস্থানকারী মায়ানমারের নাগরিক বার্মাইয়া শুক্কুর, বার্মাইয়া আনোয়ার, বার্মাইয়া আমির তাহের, বাট্টা আইয়ুব নামের কয়েকজন চোরাচালানি মায়ানমার থেকে এ ট্যাবলেট সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশের টেকনাফে নিয়ে আসে। তারা টেকনাফের ছোট বড় চোরাচালানিদের কাছে অল্প দামে তা বিক্রি করে।
বর্তমানে টেকনাফের প্রায় অর্ধশত চোরাচালানি ‘ইয়াবা’ ট্যাবলেট চোরাচালানের সাথে জড়িত। এদের মধ্যে স্থানীয় রাজনৈতিক নেতা, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পেশাজীবীসহ সীমান্ত বাণিজ্যের ব্যবসায় জড়িত অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ীও রয়েছেন। আবার রয়েছেন টেকনাফের ডাকসাইটে সরকার দলীয় নেতারাও।
সম্প্রতি চট্টগ্রামের একটি হোটেল থেকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) সদস্যরা টেকনাফের সাবরাং এলাকার দু’যুবককে ‘ইয়াবা’ ট্যাবলেটসহ আটক করে।
সংশ্লিষ্ট সূত্র মতে- আটক ওই দুই যুবক আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে টেকনাফের ৪৮ জন চোরাচালানির নাম উল্লেখ করে স্বীকারোক্তি দিয়েছে, যারা ‘ইয়াবা’ ট্যাবলেট চোরাচালানের সাথে জড়িত।
জানা গেছে, টেকনাফ পৌর এলাকা, নয়াপড়া, শাহপরীর দ্বীপ ঘাট, টেকনাফ সদর, জালিয়া পাড়ার অর্ধশত ব্যক্তি ‘ইয়াবা’ চোরাচালানের সাথে জড়িত।
এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, টেকনাফ সীমান্ত দিয়ে ‘ইয়াবা’সহ নানা চোরাচালান প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থাগুলো কঠোর ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে। সে সূত্র ধরেই টেকনাফের ৪৮ জন ছোট বড় চোরাচালানিকে ধরার জন্য তারা তৎপর হয়ে উঠেছে।
